মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

দিনাজপুরের পার্বতীপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং নির্ধারিত মূল্যে প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অভিযোগে দুই গ্যাস ডিলার প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী নতুন বাজার এলাকায় সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং নির্ধারিত মূল্যে প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অভিযোগে মেসার্স রজব অ্যান্ড ব্রাদার্স ও মেসার্স মন্ডল ট্রেডার্সকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এসআরবি জানায়, দিনাজপুরের বিভিন্ন এলাকায় এলপিজি ডিলারদের বিরুদ্ধে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযোগের সত্যতা যাচাই করে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার ও নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102