চট্টগ্রাম মহানগরের চকবাজার এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, স্থাপনা, বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানে ফুটপাত দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়ক ও জনসাধারণের চলাচলের পথে স্থাপিত বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুনও অপসারণ করা হয়।
অভিযানে দীর্ঘদিন দখলে থাকা ফুটপাত ও চলাচলের পথ অনেকটা উন্মুক্ত হয়ে আসে। এ সময় সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সংশ্লিষ্ট যানবাহনকে জরিমানাও করা হয়।
অভিযান চলাকালে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মহানগরের সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের জায়গা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না। নাগরিকদের চলাচলের অধিকার নিশ্চিত করতে অবৈধ দখল উচ্ছেদে সিটি করপোরেশন কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং কিংবা যত্রতত্র ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপনের মাধ্যমে নগরীতে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
নগরীর শৃঙ্খলা, সৌন্দর্য ও নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও জানান মেয়র।
ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ নগর হিসেবে গড়ে তুলতে প্রশাসনিক অভিযানের পাশাপাশি নগরবাসীকেও আইন ও নাগরিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে