মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

চাক্তাইয়ে অবৈধভাবে সার মজুত, ৬ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নগরীর চাক্তাইয়ে লাইসেন্সবিহীন অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত ও বিপণনের দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা এবং এক ব্যবসায়ীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে আটটি গুদাম থেকে ১৯০০ বস্তা টিএসপি, ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার বিকাল পৌনে ৪টার দিকে চাক্তাইয়ে এ অভিযান পরিচালনা করা হয়। সারগুলো অধিক দামে সমুদ্রপথে মিয়ানমারসহ বিভিন্ন স্থানে পাচার করার জন্য মজুত করা হয়েছে বলে জানা গেছে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম।

অভিযানে লাইসেন্সবিহীন সার সংরক্ষণ ও বিপণনের অপরাধে ফারাহ এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির ছয়টি গুদাম থেকে ১ হাজার বস্তা টিএসপি সার ও ৫০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

একই অভিযানে লাইসেন্সবিহীন সার সংরক্ষণ ও বিপণনের অপরাধে শাহ আলম সওদাগর এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির দুটি গুদাম থেকে ১০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।

অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার এবং বাকলিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102