মাদারীপুরের শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মির্জারচর গ্রামে পুকুরপাড়ের আটটি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী আরিফুর রহমান দিদার মোল্লা ও মারুফুর রহমান বাবু মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় গত ৯ অক্টোবর ২০২৬ তারিখে আদালতে সি.আর. মামলা দায়ের করেছেন গাছের মালিক শাহাবুদ্দিন আহমেদ।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন আহমেদ তাঁদের পুকুরের চারপাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছিলেন। গাছগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠছিল। এরই মধ্যে পাঁচটি মেহগনি ও তিনটি কড়ইগাছ মালিকদের না জানিয়ে ও অনুমতি ছাড়াই কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শাহাবুদ্দিন আহমেদ বলেন, আমরা পুকুরের চারপাশে যত্ন করে গাছগুলো লাগিয়েছিলাম। গাছগুলো বড় হচ্ছিল। এমন অবস্থায় আমাদের না জানিয়ে গাছগুলো কেটে ফেলায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। কেন আমাদের গাছ কাটা হলো, আমরা এর সুষ্ঠু বিচার চাই।
তিনি আরও বলেন, এ ঘটনার বিচার চেয়ে গত ৯ অক্টোবর ২০২৬ তারিখে আদালতে সি.আর. মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ বিষয়ে আমরা কিছু জানি না। থানায় এলে বিষয়টি দেখব।
ভুক্তভোগী শাহাবুদ্দিন আহমেদ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত আরিফুর রহমান দিদার মোল্লা ও মারুফুর রহমান বাবু মোল্লার বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।