বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

পটুয়াখালীতে চার বসতঘর আগুনে পুড়ে ছাই

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী পৌরসভার দক্ষিণ সবুজবাগ প্যাদা বাড়ির পেছনে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে হঠাৎ বসতঘরগুলোতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারটি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে চারটি ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। এসব ঘরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন খাদিজা বেগম, মনিরা বেগম, মশিউর রহমান ও মোশারফ মৃর্ধা। জমির মালিক এনামুল হক।

ক্ষতিগ্রস্ত মনিরা বেগম বলেন, পরনের একটি জামা ছাড়া আর কিছুই রইল না। আমার মেয়ের পরীক্ষা চলছে। বই-খাতাসহ ঘরের সব জিনিসপত্র পুড়ে গেছে।

তিনি আরও বলেন, বিদ্যুতের লাইন ঠিক করার জন্য জমির মালিককে আগে বলা হয়েছিল। তবে তা ঠিক করা হয়নি। বিদ্যুৎ সংযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রাজিব দেওয়ান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কেউ আহত হননি। আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102