বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

আ.লীগ আমলে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করা সেই ওসি এখন কেন খুলশীতে : মেয়র শাহাদাত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আওয়ামী লীগ সরকারের সময়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা আবদুর রহিম গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে কীভাবে খুলশী থানার ওসি হলেন—এ নিয়ে প্রশ্ন তুলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

একই সঙ্গে খুলশী থানার ওসি আবদুর রহিমের বিরুদ্ধে আসামিকে মারধর করে স্বীকারোক্তি আদায় এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হয়রানির অভিযোগ তুলেছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) নগরের ২৫ নম্বর ওয়ার্ডের ঈদগাঁ রূপসা বেকারি এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে আয়োজিত ক্রাশ প্রোগ্রামে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র।

মেয়র শাহাদাত বলেন, ‘ওসি আবদুর রহিম আওয়ামী লীগের সময়ে বাকলিয়া থানার ওসি ছিলেন। আওয়ামী লীগের সময়ে তিনি একটি থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, থানার একজন ওসি হিসেবে তিনি কীভাবে এখন দায়িত্ব পান?’

খুলশী থানায় যোগ দেওয়ার পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রত্যাশিতভাবে গ্রেপ্তার অভিযান হয়নি বলেও অভিযোগ করেন মেয়র।

তিনি বলেন, সম্প্রতি হৃদয় নামে এক তরুণের হত্যা মামলায় কামরুলকে গ্রেপ্তারের পর তাকে মারধর করে ওয়াকিল ও তার ভাইদের নাম বলতে বাধ্য করা হয়েছে।

মেয়র বলেন, ‘ওয়াকিলের দুই ভাই আমার কাছে অভিযোগ নিয়ে এসেছেন। তারা বলেছেন, কামরুলকে মেরে জোরপূর্বক ওয়াকিলের নাম বলানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।’

এদিকে নিজের গাড়িতে কোনো আসামি বা ওয়াকিল উঠেছেন—এমন প্রচারও প্রত্যাখ্যান করেন চসিক মেয়র। তিনি বলেন, ‘আমি যখন গাড়ি থেকে নেমে গাড়িতে উঠি, সেখানে সিসিটিভি আছে। আমি লুকিয়ে গাড়িতে উঠিনি, সবার সামনে উঠেছি। কোনো সাংবাদিক যদি প্রমাণ দিতে পারেন যে আমার গাড়িতে এসে কেউ উঠেছে বা বেরিয়ে গেছে, আমি রাজনীতি ছেড়ে দেব।’

মেয়র আরও বলেন, ‘ওয়াকিল নিজে আমার কাছে আসেননি; তার দুই ভাই অভিযোগ নিয়ে এসেছেন। ওয়াকিল যদি নিচে এসে থাকেন, সেটি পুলিশের দায়িত্বের বিষয়।’

এ ঘটনাকে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হয়রানির একটি পরিকল্পিত প্রচেষ্টা বলেও মন্তব্য করেন মেয়র শাহাদাত।

তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে, এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে। সামনে নির্বাচন। আমার যে ভালো ইমেজ আছে, সেটাকে নষ্ট করার জন্য এটা করা হচ্ছে।’

খুলশী থানার ওসি আবদুর রহিমের পূর্ববর্তী দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন মেয়র। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে বাকলিয়া থানার ওসি থাকা অবস্থায় আবদুর রহিম বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচিতে হয়রানি করেছেন।’

মেয়র আরও বলেন, ‘এখন আমরা আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধরতে চাইছি। এখানে যে ওসি আওয়ামী লীগের সময়ে ওসিগিরি করেছেন, তিনি কেন আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধরবেন? তিনি তো আওয়ামী লীগ করে এসেছেন।’

মেয়রের এসব অভিযোগের বিষয়ে খুলশী থানার ওসি আবদুর রহিমের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102