ঝিনাইদহের মহেশপুরে বসতবাড়ির পাশের ডোবার পানিতে ডুবে হুমায়রা (৩) ও নাহিয়ান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার যাদবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হুমায়রা ওই গ্রামের আশিকুর রহমানের মেয়ে এবং নাহিয়ান একই গ্রামের বাবুর ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশু দুটি বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশু দুটিকে খুঁজতে শুরু করেন। পরে দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে স্বজনেরা ডোবার পানিতে একটি শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে অপর শিশুটিকেও পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।