সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্পদ পরিত্যক্ত ফেলে রাখা কিংবা বিক্রি করে দিয়ে মন্ত্রণালয়কে শূন্যের জায়গায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিত্যক্ত কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘হাসিনা আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সম্পদগুলো পরিত্যক্ত ফেলে রেখে কিংবা বিক্রি করে দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে শূন্যের জায়গায় নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র বা চক্রান্ত ছিল। আমরা দায়িত্বে আসার পর সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। এই সরকার দায়িত্বে আসার পর মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, সরকারের সব স্থাপনা বা সম্পদ যেন সঠিক ব্যবহারের আওতায় আনা হয়।’
আহমেদ আযম খান আরও বলেন, ‘যেহেতু আমাদের সরকার একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার, তাই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অন্যান্য সম্পত্তির সদ্ব্যবহার করা হবে। ইস্টার্ন কেমিক্যালের ১০ একর জায়গা দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় রাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে। অতএব, আমরা রাষ্ট্রের এমন ক্ষতি আর হতে দেব না।’
তিনি বলেন, ‘কীভাবে এই ১০ একর জায়গায় নতুন প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রের জন্য কিছু করা যায় এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেটাই আমাদের উদ্দেশ্য। ঢাকায় গিয়ে আলোচনা করে এলাকার জন্য যেটা সর্বোত্তম, সেটাই আমরা করব।’
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ইস্টার্ন কেমিক্যালের পরিত্যক্ত জায়গা ও কারখানা কীভাবে প্রকল্পের মাধ্যমে কাজে লাগানো যায়, তা তাঁরা পর্যালোচনা করছেন। চট্টগ্রামে দুই দিনের সফরে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অন্যান্য সম্পত্তিও একইভাবে সরেজমিনে পরিদর্শন করা হবে।
পরিদর্শনকালে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে রাঙ্গুনিয়ার জিয়ানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
পরে শহীদ জিয়া কমপ্লেক্সে অবস্থিত এতিম ও দুস্থ শিশু পুনর্বাসন কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা। এ সময় প্রশিক্ষণকেন্দ্রের উপতত্ত্বাবধায়ক মো. ছানাউল্লাহ উপস্থিত ছিলেন।