চট্টগ্রামের আনোয়ারায় পারকি সমুদ্রসৈকত এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ২৪ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা জমিতে সরকারি মালিকানার সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। পর্যটকদের যানবাহন পার্কিংয়ের সুবিধার্থে সেখানে আধুনিক পার্কিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর পারকি সৈকতের পার্কিং এলাকার আশপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
স্থানীয় সূত্রের অভিযোগ, উদ্ধার করা সরকারি জমি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. এরফান অবৈধভাবে দখলে রেখে মাছ চাষ করে আসছিলেন।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, দীর্ঘদিন অবৈধ দখলে থাকা ২৪ একর সরকারি খাসজমি উদ্ধার করে সেখানে সরকারি মালিকানার সাইনবোর্ড টাঙানো হয়েছে। পারকি সমুদ্রসৈকতে আসা দর্শনার্থীদের যানবাহন রাখার সুবিধার্থে উদ্ধার করা জমিতে আধুনিক পার্কিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আনোয়ারার অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র পারকি সমুদ্রসৈকতে ছুটির দিনগুলোতে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটে। কিন্তু পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকায় যানবাহন রাখা নিয়ে ভোগান্তিতে পড়তে হয় পর্যটকদের। উদ্ধার করা জমিতে পরিকল্পিত পার্কিং ব্যবস্থা চালু হলে এ দুর্ভোগ কমার পাশাপাশি সৈকত এলাকার যানবাহন চলাচলেও শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন তারা।
তবে সরকারি জমি উদ্ধারের পর তা যেন পুনরায় বেদখল না হয়, সে জন্য নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধার করা জমি জনস্বার্থে যথাযথভাবে ব্যবহার করা গেলে পারকি সৈকতের পর্যটনসেবার মান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।