বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট কেশবপুরে তিন সহস্রাধিক কৃষককে বিনা মূল্যে সার ও বীজ প্রদান গাজীপুরে পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা চট্টগ্রামে এমইবি গ্রুপের কার্যালয়ে হামলা-ভাঙচুর এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা কমিটি গঠন নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথির অভিযোগ

কর্ণফুলীর ৬ ইস্পাত কারখানা বন্ধ, কর্মহীন ৬ হাজার শ্রমিক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে বন্ধ হয়ে আছে ছয়টি ইস্পাত কারখানা। এস আলম গ্রুপের এসব শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছে প্রায় ৬ হাজার শ্রমিক। থমকে গেছে উৎপাদন, ব্যাহত হচ্ছে ইস্পাতপণ্যের সরবরাহ। অথচ কোম্পানির তথ্য অনুযায়ী, কারখানাগুলোর উৎপাদন অবকাঠামো এখনো রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, কয়েল আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার সুবিধা নিশ্চিত করা গেলে কারখানাগুলো আবারও চালু করা সম্ভব।

বন্ধ কারখানাগুলো হলো এস আলম স্টিল, দুটি কোল্ড রোলড স্টিল ইউনিট, গ্যালকো স্টিল, কেমোন ইস্পাত ও ইনফিনিটি সিআর স্ট্রিপস। গত ২৪ জুলাই এস আলম গ্রুপ কর্ণফুলী এলাকায় তাদের ১১টি শিল্প ইউনিট বন্ধ করে দেয়। এর মধ্যে ছিল এই ছয়টি ইস্পাত কারখানা। শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, এর ফলে মাসে প্রায় ৩০ কোটি টাকার মজুরি প্রদান বন্ধ হয়ে যায়।

কারখানাগুলোতে চারটি গ্যালভানাইজিং উৎপাদন লাইন রয়েছে, যেগুলোর সম্মিলিত দৈনিক উৎপাদনক্ষমতা প্রায় ৯৩০ টন। এ ছাড়া রয়েছে দুটি কোল্ড রোলিং মিল। প্রতিটির বার্ষিক উৎপাদনক্ষমতা ১ লাখ ২০ হাজার টন। এসব কারখানায় ছাদ ও দেয়ালের জন্য গ্যালভানাইজড সিআই ও জিপি শিট, বাণিজ্যিক ভবন ও স্টিলের কাঠামোয় নির্মিত ভবনের জন্য রঙিন প্রলেপযুক্ত শিট, অন্যান্য গ্যালভানাইজিং কারখানা ও ঢেউটিন প্রস্তুতকারকদের ব্যবহারের জন্য কোল্ড-রোলড কয়েল এবং নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন দীর্ঘ ইস্পাতপণ্য উৎপাদন করা হতো। দেশের নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর মধ্যে ঘরের ছাউনি তৈরিতে গ্যালভানাইজড শিট বহুল ব্যবহৃত।

প্রতিষ্ঠানের দেওয়া হিসাব অনুযায়ী, গ্যালভানাইজিং ব্যবসার সম্পদের মূল্য ৩ হাজার ৯৩৪ কোটি টাকা এবং বার্ষিক টার্নওভার ১ হাজার ৫৪ কোটি টাকা। অন্যদিকে, ফ্ল্যাট রোলিং ব্যবসার সম্পদের মূল্য ২ হাজার ৬১২ কোটি টাকা এবং বার্ষিক টার্নওভার ৬৮৮ কোটি টাকা।

কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম মূলত আমদানি করা কয়েলের ওপর নির্ভরশীল ছিল। গ্যালভানাইজিং ইউনিটগুলো অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও চীন থেকে কয়েল সংগ্রহ করত। পাশাপাশি, স্থানীয় মিল থেকেও এসব উপকরণ নেওয়া হতো। অন্যদিকে, রোলিং মিলগুলো জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, রোমানিয়া, ভারত, তাইওয়ান ও চীন থেকে কয়েল আমদানি করত।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলোর দাবি, ইস্পাত কারখানাগুলো নিজেরা কখনো আর্থিক দায় পরিশোধে খেলাপি হয়নি। কর্তৃপক্ষের নির্ধারিত তদারকির আওতায় কয়েল আমদানির জন্য এলসি খোলার সুবিধা নিশ্চিত করা গেলে কারখানাগুলো পুনরায় চালু করা সম্ভব হবে। সূত্রগুলো আরও জানায়, জাপান ও ইতালির প্রযুক্তি ও যন্ত্রপাতিতে নির্মিত এসব কারখানার উৎপাদন সরঞ্জাম বন্ধ থাকা অবস্থায়ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে।

কারখানাগুলো বন্ধ থাকায় ইস্পাতপণ্যের সরবরাহে ধীরগতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলীর দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীরা। সাতকানিয়া ও লোহাগাড়ার হার্ডওয়্যারের দোকানগুলোতে পণ্য সরবরাহ করেন নুরুল হক। তিনি বলেন, “শিট এখনো আসছে, তবে আরও দূরের জায়গা থেকে। সরবরাহ পেতেও বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে। এস আলম গ্রুপের কারখানাগুলো চালু না থাকায় সামগ্রিক নির্মাণশিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

এস আলম গ্রুপের একটি গ্যালভানাইজিং উৎপাদন লাইনে ২১ বছর লাইন সুপারভাইজার হিসেবে কাজ করেছেন ৪৭ বছর বয়সী আবুল কাশেম। তিনি বলেন, কারখানার উৎপাদন ধীরে ধীরে কমিয়ে আনা হয়েছিল। প্রথমে এক শিফটে উৎপাদন চলত। পরে কয়েক দিন পরপর এক শিফটে উৎপাদন করা হতো। একপর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় উৎপাদন। এই পুরো সময় কোম্পানি আমাদের বেতন দিয়েছে। উৎপাদন লাইনটি এখনো রয়েছে। বর্তমানে আমি আনোয়ারায় এক আত্মীয়ের দোকানে খণ্ডকালীন কাজ করছি। দীর্ঘদিনের কর্মস্থল আবার চালু হলে ফিরতে পারে আমাদের কর্মসংস্থানও।

এদিকে দেশের বন্ধ কারখানাগুলো দ্রুত পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার তিন মাস পরও কর্ণফুলীর এই ছয়টি ইস্পাত কারখানা বন্ধ রয়েছে। এর দুই মাস আগে বাংলাদেশ ব্যাংক দেশের ১ হাজার ২০০টির বেশি বন্ধ বা আংশিক বন্ধ শিল্পপ্রতিষ্ঠানের জন্য ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল। তবে কর্ণফুলীর কারখানাগুলো কবে নাগাদ পুনরায় চালু হবে, সে বিষয় এখনো ধোঁয়াশা রয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102