২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফেনীর সোনাগাজীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সোনাগাজী আয়োজনে সোমবার (১৬ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। খেসারি, চীনাবাদাম, সয়াবিন ও মুগ ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই মূলত এই প্রণোদনা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মাসুদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ।
ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মাসুদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, রবি মৌসুমে এই সময়োপযোগী সহায়তা তাদের উৎপাদনে উৎসাহিত করবে এবং ভোজ্যতেল ও ডাল জাতীয় ফসলের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় স্থানীয় কৃষকদের মাঝে রবি মৌসুমের বিভিন্ন উন্নত মানের বীজ ও প্রয়োজনীয় সার বিনা মূল্যে বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।