যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।
সোমবার (১৬ নভেম্বর) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এর ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তি খাতে বেসরকারি বিনিয়োগ আকর্ষণে নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছে ডিএফসি।
সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের প্রকল্পে সহায়তার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখে। এসব প্রকল্প যুক্তরাষ্ট্রের মিত্রদের শক্তিশালী করার পাশাপাশি এ অঞ্চলের সার্বভৌমত্ব সুরক্ষায়ও সহায়ক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে দেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি প্রশমনসংক্রান্ত বিভিন্ন সুবিধা পাওয়ার পথ আরও সহজ হবে। এতে বিনিয়োগের ঘাটতি পূরণের পাশাপাশি অর্থায়ন সংকটে থাকা প্রকল্পগুলো বাস্তবায়নে গতি আসবে।
ডিএফসির মতে, এসব বিনিয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধায় মানুষের প্রবেশাধিকার বাড়ানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে শক্তিশালী করা সম্ভব। এর ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে।
সংস্থাটি আরও জানিয়েছে, অনেক বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্প অর্থায়নের সীমাবদ্ধতা কিংবা সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহ পায় না। এসব বাধা দূর করে প্রকল্প বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন ও সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ‘ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং প্রবৃদ্ধিতে অবদান রাখবে—এমন বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করার প্রকল্পে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব।’
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসারে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘পারস্পরিক বাণিজ্য চুক্তি এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে আমাদের প্রকাশ্য অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে উভয় দেশের সমৃদ্ধি আরও বাড়বে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থানও এ অঞ্চলে। এ কারণে যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য অঞ্চলটি গুরুত্বপূর্ণ।
ডিএফসি জানিয়েছে, মুক্তবাজার অর্থনীতির নীতির ভিত্তিতে প্রবৃদ্ধি এগিয়ে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করতে তারা কাজ করছে। পাশাপাশি বেসরকারি পুঁজি কাজে লাগিয়ে এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়ানোও সংস্থাটির অন্যতম লক্ষ্য।