সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়ন করে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো ভিসির দপ্তর ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারিরা।
বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সোমবার (১৬ নভেম্বর) সকালে ক্যাম্পাসে আসলে তাকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। অফিস ছুটি হয়ে গেলেও কোনো কর্মকর্তাকে ক্যাম্পাস থেকে বের হতে দিচ্ছেন না তারা।
রাত ৯ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ভিসিসহ সব কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের মূল ক্যাম্পাসে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। মূল ফটক আন্দোলনকারীরা আটকে দেওয়ায় কেউ বের হতে পারছেন না।
এর আগে, রোববার (১৫ নভেম্বর) থেকে আন্দোলন শুরু করেন ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী। তাদের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এরপরও পুনর্বহাল হওয়া ৯৮৮ জনের ন্যায্য পাওনা পরিশোধ ও জ্যেষ্ঠতা নির্ধারণে নানা টালবাহানা করা হচ্ছে।
সোমবার সকালে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভিসির দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন আন্দোলনকারীরা। একপর্যায়ে বিকেল ৩টার দিকে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা সৃষ্টি হয়।
অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মিয়া হোসেন রানা। সমাবেশ সঞ্চালনা করেন মো. আকরাম হোসেন।
বক্তারা বলেন, ২০২৫ সালের ২৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে জীবিতদের পুনর্বহাল ও চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে ছুটি হিসেবে গণ্য করে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু চাকরিতে ফিরে আসার পরও তারা প্রাপ্য জ্যেষ্ঠতা, পদোন্নতি ও আর্থিক সুবিধা পাচ্ছেন না। একই প্রতিষ্ঠানে দুই ধরনের বেতননীতি চলতে পারে না উল্লেখ করে তারা বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।
চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ ও ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করে তাদের পুনর্বহালের নির্দেশ দেন। তবে রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার অভিযোগে রোববার থেকে আন্দোলনে নেমেছেন তারা।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, তাদের পাওনা দেওয়ার জন্য কর্তৃপক্ষ আন্তরিক। তবে চাইলেইতো টাকা দেওয়া যায় না। এজন্য একটি প্রক্রিয়া রয়েছে। কিন্তু আন্দোলনকারীরা মব করে হাতে হাতে টাকা নিতে চাচ্ছেন।