ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ও ‘মুরাসু’র রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন আরেকটি ঝড়। ক্রমেই সেটি ভয়ংকর রূপ ধারণ করছে। উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি এটি আরও ঘনীভূত হচ্ছে। সবকিছু অনুকূলে থাকলে সোমবার (১৬ নভেম্বর) রাতের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এবারের ঘূর্ণিঝড়টির সম্ভাব্য নাম দেওয়া হয়েছে ‘আকভান’। আবহাওয়া অধিদপ্তর বলছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে ১১.৬° উত্তর অক্ষাংশ এবং ৮৬.০° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।
সোমবার দুপুর ১২টা পর্যন্ত এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
সংস্থাটি আরও জানায়, নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি ক্রমেই ঘনীভূত হচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে।
তবে স্বস্তির বিষয় হলো, আবহাওয়াবিদদের ধারণা অনুযায়ী এই ঝড়টির বাংলাদেশ উপকূলে সরাসরি আঘাত হানার শঙ্কা অনেকটাই কম। তবে ঘূর্ণিঝড়ের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও কয়েক দিক সাগরে অবস্থান করে শক্তি সঞ্চয় করতে পারে। আবার সাগরে বৃষ্টি ঝরিয়ে কিছুটা দুর্বলও হয়ে যেতে পারে। দুর্বল অবস্থায় ‘আকভান’ ভারতের ওডিশা, অন্ধ্র প্রদেশ বা তামিলনাড়ুর কিছু অঞ্চলের ওপর আঘাত হানতে পারে। এর প্রভাব বাংলাদেশের ওপর কিছুটা পড়তে পারে।
এদিকে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনাও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।