বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গ্রামীণ জনগোষ্ঠীর দুর্ভোগের অবসান ঘটাচ্ছেন গরীবের বন্ধু খ্যাত জামাল হোসেন। তিনি নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার ও অসহায় পরিবারে মানবিক সহায়তা দিচ্ছেন। দীর্ঘ বঞ্চনার জনপদে নতুন দিগন্ত উন্মোচন করেছে বিএনপি সরকার। একইসঙ্গে রাজনৈতিক দলের নেতাকর্মীর জনস্বার্থ সংশ্লিষ্ট কর্মকান্ড ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া থেকে রুপিহার পর্যন্ত প্রধান সড়ক সংস্কার করা হয়। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছিলেন শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। নন্দীগ্রাম উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আছেন ব্যবসায়ী ও সমাজ সেবক মো. জামাল হোসেন।
জানা গেছে, ভরতেতুলিয়া থেকে রুপিহার সড়কে ভোগান্তির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছেন জামাল হোসেন। নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করে দিয়েছেন। নিজে উপস্থিত থেকে কাজ তদারকি ও সম্পন্ন করে জনতার সঙ্গে উন্মুক্ত মতবিনিময় করেন।
নির্বাচনে জনসমর্থন বাড়াতে সহযোগিতা চান জামাল হোসেন। উপস্থিত ছিলেন ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ আল হেলাল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার উদ্যোগ নেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে এলাকাবাসী।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জনসমর্থন বাড়াতে নিয়মিত গ্রামীণ জনপদে ছুটছেন রাজনৈতিক দলের নেতারা। উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীতা জানান দিচ্ছেন জামাল হোসেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিয়মিত গণসংযোগ করছেন নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও যুবদল নেতা আব্দুর রউফ রুবেল। তিনি বগুড়া-৪ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনের প্রচেষ্টায় দৃশ্যমান উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরছেন। বিএনপি সরকারের প্রতি জনগণের আস্থা ও সমর্থন অটুট রাখার আহ্বান জানাচ্ছেন। ক্লিন ইমেজ টিকিয়ে রাখতে আগাম প্রচারণা করছেন সম্ভাব্য প্রার্থীরা।