বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সিডনিতে মুসলিম কবরস্থানে ভাঙচুর, ক্ষতিগ্রস্ত একাধিক সমাধি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিডনির নারেলানে একটি মুসলিম কবরস্থানে একাধিক সমাধির স্মৃতিফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত ৩০ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্ত কবরগুলো নজরে আসার পর ঘটনাটি তদন্ত শুরু করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। এ ঘটনায় স্থানীয় মুসলিমদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

আল নূর ইসলামিক কবরস্থানে স্বজনদের সমাধি ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান অনেক পরিবার। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশন ঘটনার নিন্দা জানিয়েছে। সংগঠনটির সেক্রেটারি গামেল খেইর বলেন, ক্ষতিগ্রস্ত কবরগুলোতে তাদের সমাজের মা-বাবা, সন্তান ও প্রবীণ স্বজনেরা শায়িত আছেন। কবরের ওপর এমন হামলা মৃতদের প্রতি অসম্মানের পাশাপাশি স্বজন হারানো পরিবারগুলোর জন্যও বেদনাদায়ক।

তিনি বলেন, জীবিত মানুষের মতো মৃতদের মর্যাদাও রক্ষা করা প্রয়োজন। স্বজন হারানো পরিবারের কাছে কবর আবেগ ও স্মৃতির গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে এমন ঘটনা তাদের শোক আরও গভীর করে।

লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশন জানিয়েছে, আল নূর ইসলামিক কবরস্থানে এর আগেও মুসলিমদের অনুভূতিতে আঘাত দেওয়ার ঘটনা ঘটেছে। সংগঠনটির দাবি, ২০২৫ সালের একটি ঘটনায় সেখানে মুসলিম কবরের ওপর শূকরের মাথা ও মাংস ফেলে যাওয়া হয়েছিল। নতুন করে সমাধিফলক ভাঙচুরের ঘটনায় কবরস্থানের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

নতুন ঘটনার পর ক্ষতিগ্রস্ত সমাধিগুলো সংস্কারের পাশাপাশি কবরস্থানের নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে নজরদারি ক্যামেরা স্থাপনসহ অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। এ কাজে নিউ সাউথ ওয়েলসের মাল্টিকালচারালিজম বিষয়ক মন্ত্রী স্টিভ ক্যাম্পার ও মাল্টিকালচারাল এনএসডব্লিউ সহযোগিতা করছে বলে জানিয়েছে সংগঠনটি।

ঘটনার নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়ান ফেডারেশন অব ইসলামিক কাউন্সিলস (AFIC)। সংগঠনটি ধর্মীয় বিদ্বেষ ও বর্ণবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, একাধিক সমাধিফলক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগের তদন্ত চলছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102