দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রক্রিয়াকে একটি নীতিমালার আওতায় আনতে উদ্যোগ নিয়েছে সরকার। কোন প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য বিবেচিত হবে, সে বিষয়ে শর্ত ও মানদণ্ড নির্ধারণ করে নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ১ অক্টোবর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার (৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, সারাদেশ থেকে বিচ্ছিন্নভাবে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রস্তাব আসছিল। এভাবে একের পর এক প্রতিষ্ঠান জাতীয়করণের প্রস্তাব আসার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিতে আসে। পরে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে এ বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা তৈরির নির্দেশ দেন। জাতীয়করণের ক্ষেত্রে কোন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে, কী কী শর্ত পূরণ করতে হবে এবং কোন কোন মানদণ্ডের ভিত্তিতে প্রতিষ্ঠান নির্বাচন করা হবে- নীতিমালায় এসব বিষয় স্পষ্ট করা হবে।
তিনি আরও বলেন, সুনির্দিষ্ট নীতিমালা হলে ভবিষ্যতে ইচ্ছেমতো বা বিচ্ছিন্নভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের সুযোগ থাকবে না। বরং নীতিমালায় নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণকারী প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের জন্য বিবেচিত হবে। এতে প্রতিষ্ঠান বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি জাতীয়করণের প্রস্তাবগুলো যাচাই-বাছাই করাও সহজ হবে।