কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল।
অভিযান চলাকালে ওই এলাকার একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
জব্দ করা ইয়াবা ও মোবাইল ফোনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।