বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের দেশে ফেরাতে দূতাবাসের ক্যাম্প পরিদর্শন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মালয়েশিয়ায় কারাদণ্ড শেষে ইমিগ্রেশন ক্যাম্পে থাকা বন্দি বাংলাদেশিদের দ্রুত ও নিরাপদে দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) হাইকমিশনের লেবার মিনিস্টারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশটির পেরাক রাজ্যের লেংগিং ইমিগ্রেশন ডিপো পরিদর্শন করে ৩৯ বাংলাদেশির সঙ্গে সাক্ষাৎ করে।

এ সময় প্রতিনিধি দল তাদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরতে সহযোগিতা দেওয়াসহ অন্যান্য কনস্যুলার সেবা দেন, পাশাপাশি দেশে থাকা পরিবারের সঙ্গেও প্রবাসীদের যোগাযোগের সুযোগ করে দেন। একই দিন দূতাবাসের প্রথম সচিব (লেবার) সেলাঙ্গর রাজ্যের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে একজন নারী শিশুসহ ২২ জন বাংলাদেশির সঙ্গে সাক্ষাৎ করে তাদেরও একই সেবা দেন।

এছাড়া ক্যাম্প কমান্ডারের সঙ্গে পৃথক পৃথক সভায় বন্দি বাংলাদেশিদের দ্রুত ও নিরাপদে বাংলাদেশে ফেরত পাঠানোর ইস্যুতে ক্যাম্পের সহযোগিতা কামনা করা হলে ক্যাম্পের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। ক্যাম্পে বন্দি থাকা বাংলাদেশিরা বিমান টিকিট প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী ফ্লাইটে দেশে ফিরতে পারবেন বলে জানানো হয়।উল্লেখ্য, বৈধভাবে কলিং ভিসা নিয়ে মালয়েশিয়া গিয়েও মাসের পর মাস বেকার থাকার পর অন্যত্র কাজ করা, বৈধতার আশায় দালালের প্রলোভনে ভ্রমণ ভিসায় সেদেশে গিয়ে ফিরে না আসা এবং নির্মাণ শ্রমিকের ভিসা নিয়ে সার্ভিস সেক্টরে কাজ করাসহ বিভিন্ন অপরাধে আটক হয়ে দেশটির জেলে হাজার হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন। এসব বন্দিদের দ্রুত দেশে ফেরাতে দূতাবাস নিয়মিত দেশটির বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102