কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে জলমহাল নিয়ে মিথ্যা ও অপপ্রচারমূলক মানববন্ধন এবং মানহানিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলার আইনজীবীরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হলে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সর্বস্তরের আইনজীবীদের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, অ্যাড. আমিনুল ইসলাম রতন পরপর ছয়বার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানও। তার সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, রতন দীর্ঘদিন ধরে হাওরাঞ্চলের মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশে একটি মহল বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
আইনজীবীরা বলেন, আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর বক্তব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশে অ্যাড. আব্দুল্লাহ আল বোকারী, অ্যাড. মীর শাখাওয়াত হোসেন, অ্যাড. জেসমিন সুলতানা কবিতা, অ্যাড. এমএম হিলালী, অ্যাড. নাদিরা সুলতানা সুমা, অ্যাড. জামাল উদ্দিন খান মার্শাল ও অ্যাড. শওকত কবীর খোকনসহ জেলা আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা উপস্থিত ছিলেন।