বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দাপ্তরিক কাজে চলাচলের সময় সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বার্তায় হাইকমিশন জানায়, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের দেশব্যাপী অনথিভুক্ত অভিবাসীদের আটকের চলমান অভিযানের মধ্যে ইমিগ্রেশন কর্মকর্তারা কুয়ালালামপুরের ই-পাসপোর্ট সেবা কেন্দ্রের আশপাশে অভিযান পরিচালনা করেন।

এ সময় ই-পাসপোর্ট সেবা কেন্দ্রের বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএল ভবনসংলগ্ন এলাকা ও ভবনের নিচতলায় অবস্থানরত কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

বিষয়টি বাংলাদেশ হাইকমিশনের নজরে এলে তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়। পরে ইমিগ্রেশন কর্মকর্তারা সেবা নিতে আসা বাংলাদেশিদের পাসপোর্ট এনরোলমেন্টের অ্যাপয়েন্টমেন্টের প্রমাণ এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ যাচাই করেন। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের পর তাদের ছেড়ে দেওয়া হয়।

হাইকমিশন জানিয়েছে, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়া সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এদিকে মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসীদের আটকে দেশটির ইমিগ্রেশন বিভাগ দেশজুড়ে অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি আটক হয়েছেন।

আটক বাংলাদেশি নাগরিকদের দ্রুত ও নিরাপদে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া তদারকিতে বিভিন্ন আটককেন্দ্র নিয়মিত পরিদর্শন করছে বাংলাদেশ হাইকমিশন। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের বৈধ কাগজপত্র সঙ্গে রাখাসহ স্থানীয় আইন ও ইমিগ্রেশন বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102