মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :

সীমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

‎জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা সীমান্তের প্রায় দুই কিলোমিটার ভেতরে কড়িয়া বাজারে চলে আসেন।

স্থানীয় লোকজন তাদের আটক করে বিজিবিকে খবর দিলে বিজিবি সদস্যরা তাদের সীমান্তের ২৭৬ নম্বর মূল পিলারের কাছে নিয়ে গিয়ে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফেরত পাঠান। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

‎বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্প ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে ২৭৬ নম্বর মেইন পিলার দিয়ে বিএসএফ ওই তিন যুবককে বাংলাদেশে ঠেলে দেয়। পরে তারা প্রায় দুই কিলোমিটার ভেতরে কড়িয়া বাজারে চলে আসেন। স্থানীয় লোকজন তাদের আটক করে বিজিবিকে খবর দেন। সকাল সাড়ে ৭টার দিকে বিজিবি সদস্যরা তাদের পিলারের কাছে নিয়ে গিয়ে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পাঠিয়ে দেন।

‎এ ঘটনায় বিএসএফ-১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প ও বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের মধ্যে বেলা ১১টার দিকে পতাকা বৈঠক হয়। তবে বৈঠকে বিষয়টির কোনো সুরাহা হয়নি। আরও একটি পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

‎দুপুর ১২টার দিকে রামকৃষ্ণপুর সীমান্তে গিয়ে দেখা যায়, ২৭৬ নম্বর মেইন পিলার থেকে প্রায় ৩০০ গজ দূরে সড়কের ওপর বিজিবি সদস্যদের সঙ্গে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের কয়েকজন বাসিন্দা পাহারা দিচ্ছেন। তিন যুবক তখন ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করছিলেন।

‎পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মারুফ হোসেন বলেন, ভোর সাড়ে ৫টার দিকে বিএসএফ তিন যুবককে ২৭৬ নম্বর পিলার দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়। তারা কড়িয়া বাজারে চলে আসেন। স্থানীয় লোকজন তাদের আটক করে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা তাদের আবার সীমান্তের ওপারে পাঠিয়ে দেন।

‎আইয়ুব হোসেন বলেন, ওই তিনজন ভারতীয় বাংলাদেশের কড়িয়া বাজারে চলে আসেন। তাদের তিনজনের  পরনের কাপড় ভেঁজা দেখে সন্দেহ হয়। এরপর তারা ঘটনা খুলে বলেন।

‎আজিম হোসেন বলেন, আমি মঙ্গলবার সকাল থেকে সীমান্ত ঘেঁষা মাঠে কাজ করছিলাম। সকাল ৭টার পর বিজিবি তিনজনকে সীমান্তের ২৭৬ নম্বর পিলারের কাছে এনে রেখে গেছেন।

‎বিজিবির কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন বলেন, বিএসএফ তিন যুবককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছিল। বিজিবি তাদের আবার ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পাঠিয়েছে। প্রথম দফার পতাকা বৈঠকে কোনো সুরাহা হয়নি। আরও চার ঘণ্টা পর পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102