মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :

৮ মাস পর ফের ইউরিয়া উৎপাদনে যমুনা সার কারখানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সোমবার গভীর রাতে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হয়। এতে স্বস্তি ফিরেছে কারখানার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন।

কারখানা কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন স্থগিত ছিল। কারখানাটিতে দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ দেশের কমান্ড এলাকার ১৯টি জেলায় সরবরাহ করা হয়ে থাকে।

কারখানার উৎপাদন বিভাগের বিভাগীয় প্রধান ফজলুল হক রতন জানান, বর্তমানে পাওয়া গ্যাসের চাপ অনুযায়ী প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করা সম্ভব হবে। গ্যাসের চাপ আরও বাড়ানো গেলে দৈনিক উৎপাদন প্রায় ১ হাজার ৩৫০ মেট্রিক টনে উন্নীত হতে পারে।

ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন বলেন, সোমবার রাত ৩টার দিকে কারখানায় ইউরিয়া উৎপাদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কারখানাটি পুনরায় চালুর উদ্যোগে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102