মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :

ককটেলকে খেলনা ভেবে হাতে নিতেই বিস্ফোরণ, হাসপাতালে কামরুল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

শরীয়তপুরের জাজিরায় লাল কসটেপ পেঁচানো ককটেলকে খেলনা বল ভেবে হাতে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। এ ঘটনার পর ঘটনাস্থলের পাশ থেকে অরক্ষিত অবস্থায় আরও দুটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা ইউনিয়নের ফেদুল্লা বেপারি কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত কামরুল ওই এলাকার রাজ্জাক বেপারির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে কসটেপ দিয়ে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় কিশোর জুনায়েদ আহমেদ (১৭)। বস্তুটি খেলনা বল মনে করে তিনি সেটি হাতে তুলে নেন। বিষয়টি দেখতে পেয়ে সহপাঠী কামরুল তার কাছে থাকা বস্তুটি সম্পর্কে জানতে চান। পরে দুজন মিলে বিষয়টি জুনায়েদের দাদি নাসিমা বেগমকে দেখালে তিনি সেটিকে ককটেল বলে জানান। এতে আতঙ্কিত হয়ে জুনায়েদ সেটি হাত থেকে ফেলে দেয়। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেলটির বিস্ফোরণ ঘটে।

এতে কাছাকাছি থাকা কামরুল গুরুতর আহত হয়। বিস্ফোরণে কামরুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে অরক্ষিত অবস্থায় আরও দুটি ককটেল উদ্ধার করে। ঘটনাস্থলে আরও কোনো ককটেল বা বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ককটেল পড়ে থাকা ও বিস্ফোরণে কিশোর আহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান বলেন, ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে রাস্তার পাশে আরও দুটি ককটেল পাওয়া গেছে। ঘটনাস্থলে আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আহত কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102