পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চল পরিদর্শন করেছেন। সফরকালে তিনি বিভিন্ন বাগান ঘুরে দেখার পাশাপাশি একাধিক স্থানে বৃক্ষের চারা রোপণ করেন।
শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সরকারি কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী মধুপুরের দোখলা বন বিশ্রামাগারে পৌঁছান। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, দোখলা রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।
বন বিভাগের সহকারী বন সংরক্ষক রাব্বি রায়হান জানান, টাঙ্গাইল জেলার বন অধ্যুষিত বিভিন্ন উপজেলার বনাঞ্চলের বর্তমান অবস্থা পরিদর্শনের অংশ হিসেবে প্রতিমন্ত্রী এ সফর করেন। দোখলা বন বিশ্রামাগারে পৌঁছে তিনি বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরে রসুলপুর সদর বিটের ১৬ হেক্টর ও বেরীবাইদ বনাঞ্চলের ২৪ হেক্টরের বাগানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পরিবেশ সংরক্ষণ ও বনজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্থানে বৃক্ষের চারা রোপণ করেন। এ সময় বন বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক প্রতিমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
বনাঞ্চল পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ময়মনসিংহ হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।