বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সহায়তার কথা বলে বৃদ্ধার স্বর্ণের চেন নিয়ে উধাও ২ যুবক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার শেরপুরে অসহায় মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে কৌশলে এক বৃদ্ধার কাছ থেকে ৮ আনি ওজনের স্বর্ণের চেন হাতিয়ে নিয়েছে দুই প্রতারক যুবক। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুই বোন কাজলী খাতুন ও রমিসা খাতুন জানান, তারা সকালে ভোটার আইডি কার্ড সংক্রান্ত কাজে উপজেলা নির্বাচন অফিসে যাচ্ছিলেন। অফিসের সামনে পৌঁছালে দুই যুবক তাদের পথরোধ করে নিজেদের একটি দাতব্য প্রতিষ্ঠানের কর্মী হিসেবে পরিচয় দেয়। যুবকরা দাবি করে, তাদের প্রতিষ্ঠান থেকে গরিব ও অসহায় মানুষদের ৭ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।

প্রতারণার কৌশলে যুবকরা জানায়, এই সহায়তা পেতে হলে নিজেদের ‘অসহায়’ হিসেবে প্রমাণ করতে হবে, যার শর্ত হিসেবে শরীর থেকে স্বর্ণালঙ্কার খুলে রাখতে হবে। তাদের কথায় সরল বিশ্বাসে রমিসা খাতুন তার গলার প্রায় আট আনা ওজনের স্বর্ণের চেনটি ওই যুবকদের হাতে তুলে দেন। এরপর যুবকরা তাদের কোর্টপাড়া সড়কের পাশে দাঁড় করিয়ে রেখে ‘অফিসারের কাছ থেকে টাকা নিয়ে আসছি’ বলে সেখান থেকে সটকে পড়ে।

দীর্ঘ সময় অপেক্ষার পর ওই যুবকরা ফিরে না আসায় দুই বোনের সন্দেহ হয় এবং তারা আশপাশে খোঁজ শুরু করেন। পরে কোনো হদিস না পেয়ে দুপুরে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা।

ভুক্তভোগী কাজলী খাতুন বলেন, আমাদের সরলতার সুযোগ নিয়ে তারা টাকা দেওয়ার নাম করে চেনটি নিয়ে পালিয়েছে। আমরা তাদের চিনতাম না।

এ বিষয়ে শেরপুর থানার ওসি এস এম মইনুদ্দিন জানান, ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পরিষদ এলাকাটি সিসি ক্যামেরার আওতায় থাকায় আমরা ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102