মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :

পিচ্চি রাজার বোনসহ দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাজীপুরে প্রিজন ভ্যান থেকে আলোচিত মাদক কারবারি পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় দুই পুলিশ সদস্য ও তার বোনকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক জুবায়ের রশিদ শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী।

রিমান্ডে যাওয়া তিন আসামি হলেন—প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার বিশ্বাস, ভ্যানচালক নায়েক কামাল হোসেন এবং পিচ্চি রাজার বোন তাসলিমা।

মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান সোমবার তিনজনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। পরদিন শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ২৯ জন আসামিকে নিয়ে ঢাকার জেলা জজ আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে যাচ্ছিল একটি প্রিজন ভ্যান। গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় পৌঁছানোর পর শৌচাগারে যাওয়ার কথা বলে পিচ্চি রাজা ভ্যান থেকে বেরিয়ে পালিয়ে যান বলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দাবি করেন।

তবে মামলার তদন্তে পুলিশের দেওয়া ওই বক্তব্যের সঙ্গে ঘটনার প্রকৃত চিত্রের অসঙ্গতি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তে অর্থের বিনিময়ে পিচ্চি রাজাকে প্রিজন ভ্যান থেকে বের করে দেওয়ার অভিযোগের তথ্যও উঠে এসেছে।

পুলিশ জানায়, মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গত ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102