বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা চট্টগ্রামে এমইবি গ্রুপের কার্যালয়ে হামলা-ভাঙচুর এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা কমিটি গঠন নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথির অভিযোগ দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ ভয়ংকর রূপ ধারণ করছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানবে যেসব এলাকায় বিয়ে করছেন মিমি চক্রবর্তী, পাত্র কে? অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, বের হতে পারছেন না কর্মকর্তারাও পরীমণি–অপু বিশ্বাসের বিরোধের নেপথ্যে যে কারণ

পাসপোর্টের জটিলতা বন্ধে সরকারের কর্মপরিকল্পনা চান পাটওয়ারী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পাসপোর্ট করতে গিয়ে সাধারণ মানুষকে নানা ধরনের কাগজপত্রের জটিলতা ও হয়রানির মুখে পড়তে হয়। অথচ অফিসের বাইরে দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা দিলে একই কাজ দ্রুত ও সহজে সম্পন্ন হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। পাসপোর্ট সেবায় এমন অনিয়ম ও দুর্নীতির অবসান ঘটাতে সরকারের কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পাসপোর্ট সেবার বিভিন্ন অনিয়ম, দালালদের তৎপরতা এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয়গুলো তুলে ধরেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন, সরকারি ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অফিসে যাওয়ার পরই শুরু হয় নানা জটিলতা। কখনো জন্মতারিখে অসংগতি, কখনো নামের বানানে ভুল, আবার কখনো কোনো কাগজপত্র ঠিক নেই বলে আবেদনকারীকে নতুন করে প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়। এতে মনে হয়, পাসপোর্টের আবেদন নয়, বরং নিজের পরিচয় প্রমাণের জন্য দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, পাসপোর্ট অফিসের বাইরে দালালদের মাধ্যমে কাজ করানোর আলাদা ব্যবস্থা রয়েছে বলে অভিযোগ আছে। জন্মতারিখ সংশোধন, আটকে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তি কিংবা অল্প সময়ে পাসপোর্ট পাওয়ার জন্য সেখানে ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ নেওয়ার নজির রয়েছে। টাকা দিলেই কাজ এগিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। একই ব্যক্তি ও একই কাগজপত্র নিয়ে সরকারি কাউন্টারে জটিলতা তৈরি হলেও দালালের মাধ্যমে সহজে কাজ হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

পোস্টে টিআইবির একটি জরিপের তথ্য তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ২০২৬ সালের জুনে প্রকাশিত টিআইবির জাতীয় খানা জরিপ অনুযায়ী, পাসপোর্ট সেবা নিতে গিয়ে ৭৬ দশমিক ৬ শতাংশ পরিবার ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছে। একই সঙ্গে ৮৪ দশমিক ৪ শতাংশ পরিবার কোনো না কোনো ধরনের দুর্নীতির শিকার হওয়ার কথা বলেছে। জরিপে আরও উঠে এসেছে, দেশের সব সেবা খাত মিলিয়ে বছরে আনুমানিক ১২ হাজার ৬৩৩ কোটি টাকার ঘুষ লেনদেন হয়।

সাধারণ মানুষের আর্থিক দুর্ভোগের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, গ্রামের অনেক তরুণ বিদেশে যাওয়ার আশায় জমি বন্ধক রাখেন, ধারদেনা করেন। পাসপোর্টের নির্ধারিত সরকারি ফি জোগাড় করতেই তাঁদের অনেক কষ্ট করতে হয়। এর মধ্যে অতিরিক্ত টাকা দেওয়ার পরিস্থিতি তৈরি হলে তাঁদের ওপর কতটা আর্থিক চাপ পড়ে, তা শীতাতপনিয়ন্ত্রিত অফিসে বসে উপলব্ধি করা কঠিন। সরকারি সেবা পেতে কোনো ব্যক্তির সুপারিশ কিংবা দালালের সহযোগিতার প্রয়োজন হওয়ার কথা নয়।

পাসপোর্ট সেবার দুর্নীতি বন্ধে শুধু অভিযান পরিচালনা যথেষ্ট নয় উল্লেখ করে তিনি কয়েকটি পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেন। তার মতে, প্রতিটি পাসপোর্ট অফিসে সরকারি ফি, সেবা প্রদানের নির্ধারিত সময়সীমা এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। কোনো আবেদন আটকে থাকলে তার কারণ লিখিতভাবে জানাতে হবে। পাশাপাশি ঘুষের অভিযোগের স্বাধীন তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সরকারের প্রতি প্রশ্ন রেখে এনসিপির এই নেতা জানতে চান, পাসপোর্ট সেবায় দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি বন্ধে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা কী? কত দিনের মধ্যে কী ধরনের পরিবর্তন আনা হবে, সেই বিষয়ে পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করে অগ্রগতির তথ্য জনগণের সামনে প্রকাশের দাবি জানান তিনি।

পোস্টের শেষাংশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ডিজিটাল বাংলাদেশের পর নাগরিকেরা এখন এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করেন, যেখানে পাসপোর্টের আবেদন করতে ইন্টারনেটের প্রয়োজন হবে, কিন্তু সেই সেবা পেতে কোনো দালালের দ্বারস্থ হতে হবে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102