গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন মো. রবিন আহম্মেদ (২২)। গত ১৯ ও ২০ নভেম্বর পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গাজীপুর জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানার গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর এলাকায় নরসিংদী-মাওনাগামী আঞ্চলিক মহাসড়কে বিকাশের টাকা ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমরান শেখকে গ্রেপ্তারে অভিযান চালায় জেলা ডিবি পুলিশের একটি দল। গত ১৯ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার গিয়াসনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এরপর গত ২০ নভেম্বর শ্রীপুর থানার কেওয়া পশ্চিম খণ্ডের চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় পৃথক অভিযান চালিয়ে রবিন আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে ডিবি পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রবিন আহম্মেদের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। গত ২০ নভেম্বর দায়ের করা মামলাটির নম্বর ৩৭। ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলাটি করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইমরান শেখের (২৪) বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। অন্যদিকে রবিন আহম্মেদের (২২) বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসংক্রান্ত তিনটি মামলা রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার দুজনকে ডাকাতি ও অস্ত্র মামলায় আদালতে পাঠানো হয়েছে।