রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

স্কুটার কিনতে গিয়ে ভাইরাল সেই শিশুর পড়াশোনার দায়িত্ব নিলেন শোরুমের মালিক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ভারতের মহারাষ্ট্রের দুই বছর বয়সী শিশু রুদ্রাংশ সিং ঠাকুরের একটি ভিডিও ইনস্টাগ্রামে ১৩ কোটি ৭০ লাখের বেশি বার দেখা হয়েছে। মা-বাবার সঙ্গে একটি হোন্ডা শোরুমে গিয়ে নতুন স্কুটার কেনার সময় কালো চশমা পরে তার দেওয়া পোজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আর সেই জনপ্রিয়তার পর যে শোরুম থেকে স্কুটারটি কেনা হয়েছিল, সেটির মালিক রুদ্রাংশের স্নাতক পর্যন্ত পড়াশোনার খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রুদ্রাংশ মহারাষ্ট্রের ইয়াভাতমাল এলাকার বাসিন্দা। গত ৯ নভেম্বর মা-বাবা ও বড় বোনের সঙ্গে নতুন হোন্ডা অ্যাকটিভা স্কুটার কিনতে একটি শোরুমে যায় সে। এ সময় স্কুটারের সামনে দাঁড়িয়ে কালো চশমা পরে পকেটে হাত রেখে আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দেয় শিশুটি। সেই মুহূর্তের একটি ভিডিও ধারণ করে ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়।

ভিডিওটি প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অল্প সময়ের মধ্যেই এটি ১৩ কোটি ৭০ লাখের বেশি বার দেখা হয়। ভিডিওটিতে মন্তব্য পড়ে ৬৮ হাজারের বেশি। শিশুটির আত্মবিশ্বাসী ভঙ্গি ও অভিব্যক্তি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তাকে ‘অরা কিড’ নামে ডাকতে শুরু করেন।

ভিডিওটি নজরে আসে শোরুমের মালিক দিলীপ বোবাডে পাটিলের। তার মালিকানাধীন ‘সাই পয়েন্ট হোন্ডা’ থেকেই রুদ্রাংশের পরিবার স্কুটারটি কিনেছিল। শিশুটির ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি রুদ্রাংশ ও তার পরিবারকে শোরুমে আমন্ত্রণ জানান। সেখানে রুদ্রাংশের কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণি (কেজি-১) থেকে স্নাতক পর্যন্ত পড়াশোনার সব খরচ বহনের প্রতিশ্রুতি দেন তিনি।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ভিডিওটির নির্মাতা ইয়াশ চিনচোলকর। তার ভাষ্য, রুদ্রাংশের জন্য এটি কেবল উপহার নয়, বরং তার ভবিষ্যৎ গড়ে তোলার একটি উদ্যোগ।

ছেলের এমন জনপ্রিয়তা এবং পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণায় আনন্দ প্রকাশ করেছেন রুদ্রাংশের মা। তিনি বলেন, আগে তিনি অন্য শিশুদের ভিডিও দেখতেন। এখন মানুষ তার ছেলের ভিডিও দেখছে, তাকে ভালোবাসা দিচ্ছে এবং তার ভবিষ্যতের জন্য সহায়তা করছে—এটি তার কাছে অনেক আনন্দের।

ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন ব্যবহারকারীরা। কেউ রুদ্রাংশের আত্মবিশ্বাসী ভঙ্গির প্রশংসা করছেন, আবার কেউ মজা করে তাকে ‘ছোট ডন’ কিংবা হোন্ডার নতুন চেয়ারম্যান বলে অভিহিত করছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102