রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার ডারউইন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির রাজধানী ডারউইন ও আশপাশের এলাকা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। এতে ঘরবাড়ি কেঁপে ওঠার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্পটি স্বাভাবিক সময়ের তুলনায় বেশি শক্তিশালী ছিল।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি’র এ প্রতিবেদনে বলা হয়েছে, ডারউইন শহরে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। সাধারণত শহরটির উত্তরে ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরের দ্বীপপুঞ্জে সংঘটিত ভূমিকম্পের কম্পন সেখানে পৌঁছায়। তবে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে আঘাত হানা ভূমিকম্পটি ছিল তুলনামূলকভাবে শক্তিশালী।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ছিল পূর্ব তিমুরের লোসপালোস শহর থেকে ১০৩ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে ১৪৩ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।

অস্ট্রেলিয়ার জিওসায়েন্সও ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৮ বলে জানিয়েছে। সংস্থাটি আরও জানায়, কম্পন অনুভব করেছেন—এমন ব্যক্তিদের কাছ থেকে তারা ১ হাজার ৬০০টির বেশি প্রতিবেদন পেয়েছে।

ভূমিকম্পের অভিজ্ঞতা জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন নর্দার্ন টেরিটরির অনেক বাসিন্দা। শানিয়া রোজ জানান, ঘরের সবকিছু কাঁপছিল। এমনকি আলমারির দরজাগুলোও কাঁপছিল এবং তার কুকুরটি ভয়ে অস্থির হয়ে পড়েছিল।

ডারউইনের বেভিউ এলাকার বাসিন্দা ক্যামি ভিলানোভা বলেন, শহরে তার অনুভব করা ভূমিকম্পগুলোর মধ্যে এটিই ছিল সবচেয়ে শক্তিশালী। তিনি বলেন, ‘আমরা দেয়াল ও ছাদ নড়াচড়ার শব্দ শুনতে পাচ্ছিলাম।’

ডারউইন থেকে প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ক্যাথেরিন শহরেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

ডারউইন থেকে প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণে ইভা ভ্যালির বাসিন্দা সুসান ব্লাই জানান, তিনি সোফায় বসে ছিলেন। এ সময় হঠাৎ সোফাটি ‘লাফিয়ে উঠতে’ শুরু করে।

এর মাত্র কয়েক দিন আগেও ডারউইনে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল। সে সময় শহরটির প্রায় ৭০০ কিলোমিটার উত্তরে বান্দা সাগরে ৬ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। তবে শনিবারের ভূমিকম্পের তুলনায় আগের কম্পনটি ছিল অনেক হালকা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102