কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মালামাল পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে টেকনাফ পৌরসভার আদর্শগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
রোববার ২২ নভেম্বর সকালে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বটতলী থেকে পর্যটনপাড়া হয়ে আদর্শগ্রাম এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের একটি বড় চালান পরিবহনের তথ্য পায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে পাঁচটি চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান শুরু করা হয়।
অভিযান চলাকালে আদর্শগ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে আসা দুটি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। চালকদের জিজ্ঞাসাবাদে তারা বহন করা মালামাল সামনের মোটরসাইকেল আরোহীদের বলে জানায়। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে গেলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা তিনজন সেটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরে অটোরিকশা দুটি আটক করে ব্যাটালিয়ন সদরে নিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বস্তার ভেতরে প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারের অভ্যন্তরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে- একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক, ২৫৪ রাউন্ড গুলি, বোমা তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, তিন কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, তিন কেজি ১৭২ গ্রাম গানপাউডার, বিভিন্ন দানার বিস্ফোরক দ্রব্য, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের ছোট বল, তিন কেজি পেরেক, একটি উন্নতমানের টুলবক্স ও ৫৪টি দিয়াশলাই।
এ ঘটনায় আটক দুজন হলেন— টেকনাফের নতুন পল্লানপাড়ার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের পাশাপাশি জব্দ করা অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও সংশ্লিষ্ট যানবাহনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক বলেন, দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের মজুত এবং পরিবহন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।