ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা কয়েক দিনের অব্যাহত ও প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছিল উপকূলীয় জেলা সাতক্ষীরার কৃষি ও জনজীবন।
টানা বৃষ্টির পর ফসলের মাঠের পর মাঠজুড়ে জমে থাকা জলাবদ্ধতা এখনো কৃষকদের দুশ্চিন্তার কারণ হয়ে আছে। বিশেষ করে পাকা ও কাটা আমন ধানের জমিতে পানি জমে যাওয়ায় কাটা ধান ভিজে নষ্ট ও অঙ্কুরিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে; পাশাপাশি শীতকালীন সবজি ও রবি ফসলের খেতেও জমেছে পানি। তবে বর্তমানে বৃষ্টি বন্ধ হওয়ায় দ্রুত জলাবদ্ধতা নিরসন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার দাবি উঠেছে।
ফসলের এমন বিপর্যয়ের মুখে চরম দুশ্চিন্তা আর হতাশায় দিন কাটাচ্ছেন জেলার হাজার হাজার কৃষক। পাশাপাশি টানা বর্ষণে কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছিলেন দিনমজুর ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), সাতক্ষীরা সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় মোট ৮০ হাজার হেক্টর জমিতে আমন ধান এবং ১০ হাজার হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় ও টানা বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় প্রাথমিক হিসেবে মোট ৫ হাজার ৫৬৭ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ফসলের ধরন আক্রান্ত জমির পরিমাণ (হেক্টর) সরিষা ২,৭২৯; আমন ধান ২,২৭১; শাকসবজি ৫২১; পেঁয়াজ ১৬; আলু ১৫; খেসারি ৭; মরিচ ৪; রসুন ৪; মোট ৫,৫৬৭ হেক্টর জমির ফসল অতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ফসলের সংখ্যা নিরূপণ সম্ভব হয়নি বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সরেজমিনে দেখা যায়, টানা তিন দিনের প্রবল বর্ষণে পাটকেলঘাটা থানা এলাকায় কাটা আমন ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ধানদিয়া, নগরঘাটা, কুমিরা, খলিশখালী ও সুরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কৃষক পাকা আমন ধান কেটে মাঠেই রেখেছিলেন।
বৃষ্টির পানিতে এসব ধান ভিজে যাওয়ায় শুকানো ও ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। বৃষ্টি বন্ধ হলেও দ্রুত রোদে শুকাতে না পারলে ধান অঙ্কুরিত হওয়া বা পচে গিয়ে নষ্ট হওয়ার শঙ্কা করছেন কৃষকেরা। সংশ্লিষ্ট কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে পাটকেলঘাটার পাঁচটি ইউনিয়নে প্রায় ১০০ একর জমির ধান কৃষকেরা কেটে মাঠে রেখেছেন।
কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম জানান, বৃষ্টিতে উপজেলার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। চলতি মৌসুমে ১১ হাজার ৯৩৮ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এর মধ্যে ৩১৫ হেক্টর জমির আমন ধান দাঁড়ানো অবস্থায় আংশিক নিমজ্জিত হয়েছে এবং ১৩ হেক্টর জমির কর্তন করা ধান পানিতে ডুবে গেছে। এ ছাড়া ২৫৫ হেক্টর জমির সরিষা আংশিক নিমজ্জিত, ১৫ হেক্টর জমির পেঁয়াজ, ৪ হেক্টর জমির রসুন এবং ৭৬ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তালা উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহসিন আলী সরদার বলেন, বর্তমানে ধান পেকে গেছে। তাই জমিতে ধানের গোড়ার অংশে অতিরিক্ত পানি জমে না থাকলে তেমন ক্ষতির আশঙ্কা নেই। তবু অতিরিক্ত বৃষ্টির কারণে অধিকাংশ জমির ধান কেটে রাখায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবজির গোড়ায় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে।
টানা বর্ষণে শুধু ফসলের ক্ষতির শঙ্কাই নয়, কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রাও স্থবির হয়ে পড়েছিল; জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে পারেননি।
পাটকেলঘাটার সুরুলিয়া ইউনিয়নের ছোট কাশীপুর গ্রামের কৃষ্ণ দাস বলেন, টানা কয়েক দিনের বৃষ্টিতে মানুষ ঘর থেকে বের হতে পারেনি। দিনমজুররা কাজ না পেয়ে এবং অনেক ক্ষুদ্র ব্যবসায়ী পণ্য বিক্রি করতে না পারায় দুর্ভোগে পড়েছিলেন। একইভাবে তালার স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, অব্যাহত বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ; কাজে যেতে না পারায় তাদের দৈনন্দিন আয়-রোজগার বন্ধ হয়ে পড়েছিল।
যেহেতু বর্তমানে বৃষ্টি বন্ধ হয়েছে, তাই দ্রুত জমির জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা প্রণয়ন করে সরকারি সহায়তা ও কৃষি প্রণোদনা প্রদান এবং নষ্ট হওয়া বীজতলার বিকল্প হিসেবে বীজ সরবরাহের দাবি জানিয়েছেন জেলার ভুক্তভোগী কৃষক ও সচেতন মহল। অন্যথায় চলতি মৌসুমের লোকসান কাটিয়ে ওঠা এবং পরবর্তী মৌসুমে ফসলের লক্ষ্যমাত্রা পূরণ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ী), সাতক্ষীরার উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন, ঘূর্ণিঝড় ও টানা বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় ফসলি জমির প্রাথমিক ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণ করা হচ্ছে।
মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। বৃষ্টি বন্ধ হওয়ায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সম্ভাব্য সহায়তা ও প্রণোদনার জন্য আলোচনা করা হবে।