বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ। বিশেষ করে কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসকে গ্রুপের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। এ সময় বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রতিনিধিদল মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত উপস্থাপনা দেয়। তারা জানায়, দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ীকেও একটি আন্তর্জাতিক জ্বালানি কেন্দ্রে পরিণত করার সম্ভাবনা রয়েছে।
প্রতিনিধিদলের উপস্থাপনা শোনার পর প্রধানমন্ত্রী বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার কাজ করছে। প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
এ সময় প্রতিনিধিদল বাংলাদেশের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে এবং দেশের বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করে।
সাক্ষাতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।
এ ছাড়া ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।