বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব অযৌক্তিক : বাবুল আক্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবকে অযৌক্তিক ও অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার। তিনি বলেছেন, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের দাবির ধারেকাছেও নেই। তবে সমঝোতায় পৌঁছাতে উভয় পক্ষই নিজেদের প্রস্তাব সংশোধন করে আলোচনায় বসবে।

সোমবার (২৩ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাবুল আক্তার বলেন, মালিকপক্ষ প্রাথমিকভাবে তুলনামূলক কম মজুরির প্রস্তাব দিয়েছে। তবে এটি চূড়ান্ত নয়। আলোচনা এগিয়ে নিতে শ্রমিকপক্ষও তাদের দাবির পরিমাণ পুনর্বিবেচনা করে সংশোধিত প্রস্তাব দেবে। একইভাবে মালিকপক্ষও তাদের প্রস্তাব সংশোধন করবে বলে আশা করছেন তারা।

তিনি বলেন, ‘মালিকপক্ষ একটু কম দিয়ে প্রস্তাব শুরু করেছে। তবে এটাই চূড়ান্ত নয়। আমরা চেষ্টা করছি আলোচনা করে একটি সন্তোষজনক জায়গায় পৌঁছাতে।’

আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে শ্রমিকপক্ষের এই প্রতিনিধি বলেন, প্রয়োজনে সোমবার রাত ১০টা পর্যন্ত আলোচনা চলতে পারে। সমঝোতা না হলে সভা মুলতবি রেখে মঙ্গলবার সকালে আবারও আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে। ন্যূনতম মজুরির বিষয়টি দ্রুত নিষ্পত্তিতে উভয় পক্ষ একমত হয়েছে বলেও জানান তিনি।

মালিকপক্ষের প্রস্তাবের অঙ্ক প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বাবুল আক্তার বলেন, প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। দুই পক্ষের সংশোধিত প্রস্তাবের ভিত্তিতেই পরবর্তী আলোচনা এগিয়ে নেওয়া হবে।

আলোচনায় ২০২৩ সালে সর্বশেষ ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টিও তুলে ধরেন তিনি। বাবুল আক্তার বলেন, ওই সময় শ্রমিকপক্ষের দাবি ছিল ২৩ হাজার টাকা। তবে শেষ পর্যন্ত ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার ৫০০ টাকা। সে সময় মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব ছিল প্রায় ১০ হাজার ৪০০ টাকা। এবারও প্রাথমিক প্রস্তাবের পর আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, এবার শ্রমিকদের দাবির পক্ষে সব শ্রমিক ফেডারেশন একমত হয়ে যৌক্তিক অবস্থান নিয়েছে। তবে শিল্পের স্বার্থ বিবেচনায় আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে শ্রমিকপক্ষের প্রস্তাবও কিছুটা সংশোধনের প্রয়োজন হতে পারে।

এদিকে ন্যূনতম মজুরি নিয়ে আলোচনা চললেও শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে বলে জানান বাবুল আক্তার। তার মতে, নভেম্বরের শুরু থেকে, এমনকি তারও আগে থেকে চলমান আন্দোলনের সঙ্গে মজুরি বোর্ডের সভা হওয়া বা না হওয়ার সরাসরি কোনো সম্পর্ক নেই।

তবে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। বাবুল আক্তার বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি মজুরি বোর্ডের মাধ্যমেই নিষ্পত্তি হবে। উৎপাদন বন্ধ রাখার পক্ষে শ্রমিক সংগঠনগুলো নয়। দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে শ্রমিকদের দাবির প্রতি সহানুভূতি থাকলেও শিল্পের উৎপাদন অব্যাহত রাখা জরুরি।

আলোচনায় মালিকপক্ষের দেওয়া তথ্যের বরাত দিয়ে রপ্তানি খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতির কথাও উল্লেখ করেন তিনি। তার আশঙ্কা, শ্রমিকরা কাজে যোগ না দিলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। এতে শেষ পর্যন্ত শ্রমিকদের বেতন পরিশোধের সক্ষমতাও প্রভাবিত হতে পারে।

বাবুল আক্তার জানান, ন্যূনতম মজুরি কত নির্ধারণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। দুই পক্ষের সংশোধিত প্রস্তাবের ভিত্তিতে আলোচনা চালিয়ে দ্রুত একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোই এখন তাদের লক্ষ্য।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102