জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে একটি গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং জানিয়েছে, অক্টোবরের শেষদিকে প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতি চলছে। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরকালে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।
এর আগে গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বৈঠকে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সফরের আমন্ত্রণটি বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেন।
একই বৈঠকে তিনি ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানান।
এদিকে, জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণের জবাবে বাংলাদেশও সানায়ে তাকাইচিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।