অনলাইন প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টেলিগ্রামভিত্তিক প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তিদের একজন প্রতারক চক্রের টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিন। নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে চাকরি ও বিনিয়োগের প্রলোভন দেখিয়ে তারা এই অর্থ হাতিয়ে নিয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
গত ৯ নভেম্বর ২০২৬ বিকেল ৫টার দিকে রংপুর জেলার কোতোয়ালি থানার শাপলার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ থানার মাহতাবপুর এলাকার মো. মাহফুজ আলী (৩১) এবং রংপুরের কোতোয়ালি থানার কাটাবাড়ি এলাকার মো. আব্দুল আলিম (৩০)।
সিআইডির তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রতারক চক্রটি নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ‘Withlocals’-এর ওয়েবসাইটের আদলে একটি নকল ওয়েবসাইট তৈরি করে। ওই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মামলার বাদী ফিরোজ কায়সারকে চাকরির প্রস্তাব দেওয়া হয়। প্রথমে তার বিশ্বাস অর্জনের জন্য ৯০০ টাকা এবং পরবর্তী সময়ে বিভিন্ন দফায় মোট ৩৪ হাজার টাকা দেওয়া হয়।
এভাবে আস্থা অর্জনের পর নকল ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন বিনিয়োগের প্রস্তাব দিয়ে তাকে অর্থ বিনিয়োগে উৎসাহিত করে চক্রটি। তাদের প্রস্তাবে রাজি হয়ে ফিরোজ কায়সার মোট ২৫ লাখ টাকা বিনিয়োগ করেন। পরে প্রতারণার শিকার হওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি পল্টন থানায় মামলা করেন। ২০২৫ সালের ১ নভেম্বর দায়ের করা মামলাটির নম্বর ০২। এতে দণ্ডবিধির ৩৪, ১০৯, ৪০৬ ও ৪২০ ধারা উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্ত করতে গিয়ে ‘মাহফুজ আলী ওয়ার্ক’ নামে একটি টেলিগ্রাম গ্রুপের সন্ধান পান তদন্তকারীরা। গ্রুপটিতে মোট ছয়জন সদস্য রয়েছেন। গ্রেপ্তার মাহফুজ আলী ওই গ্রুপের অ্যাডমিন এবং আব্দুল আলিম এর অন্যতম সদস্য।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রুপটির সদস্যরা দেশজুড়ে অনলাইন প্রতারণার শিকার ব্যক্তিদের তালিকা তৈরি করতেন। পাশাপাশি কোন ব্যক্তির কাছ থেকে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করানো হবে, তা আগেই নির্ধারণ করতেন তারা। তদন্তে পাওয়া তথ্য এবং মাহফুজ আলীর সঙ্গে সংশ্লিষ্টতার সূত্র ধরে একই এলাকা থেকে গ্রুপটির আরেক সদস্য আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি সূত্রে আরও জানা গেছে, এ মামলায় এর আগে ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া আগে গ্রেপ্তার হওয়া আসামিদের কাছ থেকে উদ্ধার করা ১০ লাখ টাকা বিজ্ঞ আদালতের উপস্থিতিতে সরাসরি মামলার বাদী ফিরোজ কায়সারের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।
গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ প্রতারণার সঙ্গে জড়িত টেলিগ্রাম গ্রুপের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে।