ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি) এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি তুন আবদুল রাজাকের (ইউনিরাজাক) মধ্যে একাডেমিক, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
গত ২৭ অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইউনিরাজাকের ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ পিএইচডি তত্ত্বাবধান, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও প্রকাশনা এবং নতুন যৌথ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া আন্তর্জাতিক সম্মেলন, সিম্পোজিয়াম, সেমিনার, কর্মশালা ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি যৌথভাবে আয়োজনের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে দুই বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রতিনিধিরা উচ্চপর্যায়ের এক আলোচনায় অংশ নেন। এতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা, ভবিষ্যৎ যৌথ কার্যক্রমের রূপরেখা তৈরি এবং প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়নের কার্যকর পদ্ধতি নিয়ে আলোচনা হয়।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চের ডিন অধ্যাপক ড. এ.কিউ.এম. শফিউল আজম এবং ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. সেলিম আহমেদ।
অন্যদিকে, ইউনিরাজাকের প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সামসিনার এমডি সিদ্দিন, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ ফাইরুজ মোহাম্মদ নূর, ডেপুটি ভাইস-চ্যান্সেলর (রিসার্চ) অধ্যাপক ড. মোহাম্মদ রেয়াসুদ্দিন, ডেপুটি ভাইস-চ্যান্সেলর (একাডেমিক) ড. সুলাস্ত্রি ইয়াহিয়া, রিসার্চ অ্যান্ড পার্টনারশিপের পরিচালক ড. কিথ চং পেং লিন, মার্কেটিং অ্যান্ড সেলসের জ্যেষ্ঠ পরিচালক মোহাম্মদ আশরাফ সামসুলদিন, অধ্যাপক ড. গাজী মো. নুরুল ইসলাম এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক উই মা লিং।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের পক্ষে বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান এবং ইউনিরাজাকের পক্ষে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সামসিনার এমডি সিদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে চুক্তির কপি বিনিময় করেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ অংশীদারত্বের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক যোগাযোগ ও একাডেমিক নেটওয়ার্ক সম্প্রসারিত হবে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, গবেষণায় উদ্ভাবন এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে সহযোগিতা বাড়বে। এ উদ্যোগ টেকসই উন্নয়নেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।