কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃত্ব, মসজিদের ইমাম, খতিব ও সাধারণ জনগণের অরাজনৈতিক সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, মসজিদের ইমাম ও খতিবরা জুমার খুতবায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নাশকতা পরিহার এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে বক্তব্য দিয়ে জনসচেতনতা সৃষ্টি করতে পারেন।
একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, কোথাও নাশকতা বা সন্দেহজনক তৎপরতা নজরে এলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
দেশের শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ধর্মীয় নেতৃত্বসহ সমাজের সর্বস্তরের মানুষ সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।