দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। নতুন এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন মূল্য ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর দেশের বাজারে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম কমিয়েছিল সংগঠনটি। সেদিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
বাজুসের সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে এখন গুনতে হবে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রূপার দামে কোনো পরিবর্তন আনেনি বাজুস। আগের নির্ধারিত দামেই বিক্রি হবে মূল্যবান এই ধাতু।
বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা রয়েছে।