শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

ফ্রান্সে ধর্মীয় ভাবগাম্ভীর্যে কঠিন চীবর দান উদযাপন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ফ্রান্সের রাজধানী প্যারিসে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। বিশ্বশান্তি বৌদ্ধ ধ্যান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ উৎসবে ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী অংশ নেন।

গত ৮ নভেম্বর (রোববার) প্যারিসের একটি স্থানীয় মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বুদ্ধপূজা, সংঘদান, কঠিন চীবর দান, ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।

অনুষ্ঠানের সকালের অধিবেশন সঞ্চালনা করেন বিশ্বশান্তি সেবা পরিষদের সহসভাপতি শ্রী উজ্জ্বল বড়ুয়া। এতে সভাপতিত্ব করেন লা কর্নেট ধর্মচক্র বিহারের অধ্যক্ষ শ্রীমৎ কে আনন্দ নায়ক থের। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন বিশ্বশান্তি সেবা পরিষদের উপদেষ্টা শ্রী অমল বড়ুয়া। ধর্মদেশনা দেন ইউরোপীয়ান বুদ্ধিস্ট সেন্টার ফ্রান্সের অধ্যক্ষ শ্রীমৎ চন্দ্রজ্যোতি থের।

বিকেলের অধিবেশন সঞ্চালনা করেন শ্রীমতি শর্মিষ্ঠা বড়ুয়া রবি। এ পর্বে আশীর্বাদ প্রদান করেন শ্রীমৎ কে আনন্দ নায়ক থের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুদ্ধগয়া প্রজ্ঞা বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ পণ্ডিত প্রজ্ঞাবংশ মহাথেরো।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন বিশ্বশান্তি ধ্যান কেন্দ্রের উপাধ্যক্ষ শ্রীমৎ অমিতানন্দ থের। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বশান্তি সেবা পরিষদের সভাপতি শ্রী বিজয় বড়ুয়া। প্রধান ধর্মদেশনা দেন ফ্রান্স বিশ্বশান্তি বৌদ্ধ ধ্যান কেন্দ্রের অধ্যক্ষ বিদ্যাবারিধি ডক্টর বরসম্বোধি মহাথেরো।

ধর্মীয় আলোচনায় বক্তারা বলেন, বুদ্ধের বাণীর অন্যতম প্রধান শিক্ষা হলো অহিংসা, ভালোবাসা ও ক্ষমা। হিংসা, বিদ্বেষ কিংবা সংঘাতের মাধ্যমে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।

বক্তারা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বৌদ্ধ ধর্মীয় শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন শিশু-কিশোরদের ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে সচেতন করার পাশাপাশি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশু-কিশোর ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এটি পরিচালনা করেন বিশ্বশান্তি সেবা পরিষদের সংস্কৃতিবিষয়ক সম্পাদিকা বিনু বড়ুয়া। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রিপন বড়ুয়া।

উৎসবের শেষ পর্বে বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, সংঘাত ও হানাহানি বন্ধ এবং সমগ্র মানবজাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

প্রবাসের ব্যস্ত জীবনে ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির বন্ধনে একত্রিত হওয়ার এ আয়োজন ফ্রান্সপ্রবাসী বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। দিনব্যাপী এ উৎসব পরিণত হয় প্রবাসী বৌদ্ধদের মিলনমেলায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102