ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে পৃথকভাবে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একটি প্রাইভেটকারের চালক গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের শ্যাডো এরিয়ার সামনে এবং বিজনেস ফ্যাকাল্টির সামনে একটি করে ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে বিজনেস ফ্যাকাল্টির সামনে নিক্ষেপ করা ককটেলটি ভবনের নিচে অবস্থানরত প্রাইভেটকারের ওপর পড়ে। এতে প্রাইভেটকারের চালক গুরুতর আহত হন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ছাদ থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, ‘আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থলে এসেছে। বিষয়টি খতিয়ে দেখছি। আপাতত কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘খুব সম্ভবত ছাদের ওপর থেকে ককটেল ছোড়া হয়েছে। নিচে থাকা একটি গাড়ির ওপর সেটি পড়েছে। গাড়িতে অবস্থানরত ড্রাইভার গুরুতর আহত। তাকে মেডিকেলে নেওয়া হয়েছে। গাড়িটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো লাগানো রয়েছে। এটি কোনো শিক্ষকের গাড়ি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত আপডেট দেওয়া হবে।’
গত কয়েক দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।