শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

গাজীপুরের ১২২ কারখানায় উৎপাদন বন্ধ, অনির্দিষ্টকালের ছুটিতে ৭৭

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জেরে গাজীপুরে ১২২টি তৈরি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৭৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকি ৪৫টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দেওয়া তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

গাজীপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক রবিউল ইসলাম বাঁধন জানান, শ্রমিক অসন্তোষের কারণে জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ৭৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ৪৫টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শুধু শ্রীপুর উপজেলাতেই ২২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাকি ২৩টি কারখানা গাজীপুর সদর ও আশপাশের শিল্প এলাকায় অবস্থিত।

শিল্প পুলিশ, স্থানীয় প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সোয়া আটটা থেকে বিভিন্ন কারখানায় পর্যায়ক্রমে বন্ধ ও ছুটির নোটিশ টাঙানো হয়।

শ্রীপুরের মাওনা, বাঘেরবাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি ও আশপাশের এলাকায় মণ্ডল ইন্টিমেটস, গোল্ডেন রিফিট গার্মেন্টস, সিলকেন সুইং, এস্রোটেক্স গার্মেন্টস লিমিটেড, এসএম নিট ওয়্যার লিমিটেড, সাবলাইন গ্রিন টেক্স, মেঘনা গার্মেন্টস, মেঘনা ডেনিম, চট্টগ্রাম ডেনিম লিমিটেড, ক্রিস্টাল গার্মেন্টস, ডেমিমেক গার্মেন্টস, ডিভাইন গার্মেন্টস, ঢাকা ফ্যাশন লিমিটেড, ভিক্টোরিয়া ইন্টিমেটস, তাকওয়া ফ্যাশন, তাকওয়া পোশাক কারখানা, সাসটেইনেবল ওয়েট প্রসেসিং প্ল্যান্ট ও ইউনিগ্লোরি ওয়াশিং লিমিটেডসহ বিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধ অথবা ছুটি ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, কালিয়াকৈরের মৌচাক ও চন্দ্রা এলাকার কয়েকটি কারখানাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এসব কারখানার মধ্যে রয়েছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেড ও মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড। এ ছাড়া এপেক্স হোল্ডিং লিমিটেডের অধীন এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, এপেক্স টেক্সটাইলস প্রিন্টিং মিলস, এপেক্স লিনজেরি, এপেক্স ইয়ার্ন ডাইং ও এপেক্স ফ্যাশন ওয়্যারসহ একাধিক ইউনিট বন্ধ রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে শ্রীপুরের বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা প্রথমে বিভিন্ন কারখানায় প্রবেশ করে হাজিরা দেন। পরে কাজ না করেই বাইরে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা, গড়গড়িয়া মাস্টারবাড়ি ও আনসার রোড এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করেন। গাজীপুর সদরের সালনা ও ভোগড়া বাইপাস এলাকাতেও শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়া গেছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকেরা হাজিরা দিয়ে কাজ না করে বাইরে বেরিয়ে আসেন। পরে কয়েকটি স্থানে তাঁরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এতে প্রায় আধা ঘণ্টা পর সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৫ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন স্পেশাল রিজার্ভ ফোর্স (এসআরবি), ১৪ প্লাটুন আনসার সদস্য এবং ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান অসন্তোষের কারণে একদিকে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ ও সড়ক যোগাযোগও বিঘ্নিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সদস্যরা শিল্প এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102