বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা ও সাইবার সুরক্ষা আইনে করা পৃথক দুটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু (৫৫), উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টি (৫৬) এবং যুবলীগ কর্মী টিপু সুলতান (৫৭)।
পুলিশ জানায়, গ্রেপ্তার নিসরুল হামিদ ফুতু ও শাহিনুর রহমান মুন্টি আদমদীঘি উপজেলার সান্তাহার হলুদঘর এলাকার বাসিন্দা। ফুতু ওই এলাকার মেহের আলী মাস্টারের ছেলে এবং মুন্টি মৃত জলিলুর রহমানের ছেলে। অপর গ্রেপ্তার টিপু সুলতান একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধ করতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল ও ধারালো অস্ত্র নিয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পরে তারা বিএনপি কার্যালয়ে হামলা, আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় ২৫ আগস্ট রাতে অজ্ঞাতনামাসহ ২৫০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়। ওই মামলায় নিসরুল হামিদ ফুতু ও শাহিনুর রহমান মুন্টিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘির তালশন কালীবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানের পেছনে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হন বলে পুলিশের দাবি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সাকিব আল হাসানকে ১৫ ফুট দীর্ঘ একটি ব্যানারসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে।
আদমদীঘি থানার ওসি জামিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।