দুদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর দমকা হাওয়ায় ভিজছে মানিকগঞ্জ । বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শীতের অনুভূতি । অনেকেই গায়ে জড়িয়েছেন গরম পোশাক, ঘরে ঘরে বের হয়েছে লেপ-কাঁথা । তবুও জীবিকার তাগিদে ছাতা মাথায় বাইরে ছুটছেন মানুষ ।
হেমন্তের শেষভাগে বৃষ্টি আর ঠান্ডা হাওয়ায় শীতের আগমনী বার্তা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে ।
একই বৃষ্টি কারও কাছে প্রশান্তির, কারও কাছে ভোগান্তির । কারও কাছে বৃষ্টিভেজা বিকেল মানেই জানালার পাশে বসে এক কাপ চা, আবার কারও কাছে ছাতার নিচে গন্তব্যে পৌঁছানোর তাড়া । দিনমজুর, কৃষক ও শ্রমজীবী মানুষের কাছে এই বৃষ্টি মানে কাজের অনিশ্চয়তা, আয়ের পথে বাঁধা ।
মেঘলা আকাশ, টিনের চালে টাপুর টুপুর রিমঝিম বৃষ্টির শব্দ আর ভেজা প্রকৃতি মিলিয়ে বদলে গেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার চেনা জনপদ । বৃষ্টির পানিতে ধুয়ে গেছে গাছপালার ধুলাবালি, সতেজ হয়ে উঠেছে চারপাশ । পাতায় পাতায় জমে থাকা জল আর ভেজা পথ প্রকৃতিতে ছড়িয়েছে স্নিগ্ধতা । তবে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগের সুযোগ নেই সবার ।
বৃষ্টির প্রভাব পড়েছে গ্রামীণ জীবনেও । কাদামাখা উঠান ও পিচ্ছিল পথে বেড়েছে চলাচলের দুর্ভোগ । ব্যাহত হচ্ছে কৃষিকাজের স্বাভাবিক গতি । গৃহস্থালি কাজের পাশাপাশি গবাদিপশু ও হাঁস-মুরগির পরিচর্যা নিয়েও বাড়তি ঝামেলায় পড়েছেন অনেকে । কৃষি ও শ্রমনির্ভর মানুষের কাছে বৃষ্টির এই বিরতি মানেই কাজের ছন্দে ছেদ ।
এদিকে, বৃষ্টিতে সড়কে মানুষের চলাচল কমেছে, অনেক দোকানপাটে বেচাকেনাও মন্দা । ক্রেতার অপেক্ষায় অলস সময় পার করছেন ব্যবসায়ীরা । কেউ ছাতা মাথায় কর্মস্থলে ছুটছেন, কেউ বৃষ্টিতে ভিজেই পৌঁছাচ্ছেন গন্তব্যে । জীবিকার তাগিদে কারও থেমে থাকার সুযোগ নেই ।
কোথাও কোথাও সড়কে জমেছে পানি, তৈরি হয়েছে কাদা ও পিচ্ছিল অবস্থা । এতে যানবাহন চলাচল, কর্মস্থলে যাতায়াত ও পণ্য পরিবহনে ভোগান্তি বেড়েছে । ভেজা সড়কে চলাচলে সতর্ক থাকতে হচ্ছে চালক ও পথচারীদের । বিরূপ আবহাওয়ায় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকেও নিতে হচ্ছে বাড়তি সতর্কতা ।
জানালার পাশে বসে চায়ের কাপে চুমুক দিয়ে বৃষ্টি উপভোগ করার ইচ্ছা থাকলেও জীবিকার তাগিদে সবার সেই অবকাশ নেই । কেউ খুঁজছেন নিরাপদ আশ্রয়, কেউ ছাতার নিচে পথ চলছেন, আবার কেউ বৃষ্টিভেজা পথেই ছুটছেন কাজের সন্ধানে ।
হেমন্তের বৃষ্টি প্রকৃতিকে দিয়েছে সজীবতা, বাড়িয়েছে শীতের অনুভূতি । কিন্তু সেই স্নিগ্ধতার আড়ালে জীবিকার তাগিদে থেমে নেই মানুষের ছুটে চলা । বৃষ্টি যতই ঝরুক, পেটের দায়ে ছাতা মাথায় পথেই থাকতে হচ্ছে তাদের ।