পটুয়াখালীর বাউফলের বগা সেতুর কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, বরং পুরো বাউফলবাসীর বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বাউফলের বগা প্রান্তে সেতুর নির্মাণকাজের প্রস্তুতি ও অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তার দয়ায় বাউফল, দশমিনা ও গলাচিপাসহ প্রায় ২২ লাখ মানুষের, বিশেষ করে দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি বগা সেতুর কার্যক্রম অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছি। ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও অনুমোদন পাওয়া গেছে। চীনা কোম্পানিও অগ্রাধিকার ভিত্তিতে নবম বাংলাদেশ-চীন সেতুর কাজ হাতে নিয়েছে।
তিনি বলেন, বগা সেতু বাস্তবায়নে বিভিন্ন সময়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞ। অনেকে জানতে চান, সেতু নির্মিত হলে এর কৃতিত্ব কে পাবেন? আমি বলব, সর্বপ্রথম কৃতিত্ব মহান আল্লাহর। এরপর এর পুরো কৃতিত্ব বাউফলবাসীর। কারণ, এটি তাদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাস্তবায়িত হচ্ছে। এর কৃতিত্ব কোনো একক ব্যক্তির নয়।
সেতুর সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংসদ সদস্য বলেন, জমি অধিগ্রহণ, মাটির পরীক্ষা (সয়েল টেস্ট)সহ বিভিন্ন কার্যক্রমে যারা কাজ করছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। রাষ্ট্রের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব তারা যথাযথভাবে পালন করবেন বলে আশা করি। দুমকি ও বাউফলবাসীর উদ্দেশে তিনি বলেন, এত দিন এই নদী দুই উপজেলাকে আলাদা করে রেখেছিল। সেতু নির্মিত হলে দুই অঞ্চলের মানুষের মধ্যে শারীরিক ও মানসিক বন্ধন আরও দৃঢ় হবে। অতীতে দুমকিবাসী যেভাবে সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশা করি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ স্থানীয় নেতাদের সেতুর নির্মাণকাজ নিয়মিত তদারকির আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে তার উপস্থিতিতে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের প্রত্যাশা জানিয়েছেন। শিগগিরই এ বিষয়ে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। সংসদে তারা এলাকার মানুষের আবেগ ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রীও এ বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছেন।
সেতু বাস্তবায়নের পেছনের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের যোগাযোগ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বগা সেতু নিয়ে তিন দফা বৈঠক হয়েছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট সচিবদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এমনকি বরিশাল ও পটুয়াখালীতে সেতুর দায়িত্বে থাকা কর্মকর্তাদের ফোন করে দ্রুত বাস্তবায়নের নির্দেশনাও দিয়েছিলেন। বর্তমান সরকারও আগের সরকারের ধারাবাহিকতায় প্রকল্পের কাজ এগিয়ে নিতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। সর্বশেষ প্রয়োজনীয় অনুমোদন দেওয়ায় চীনের প্রতিও বাংলাদেশ তথা বাউফলবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা মো. সেলিমুর রহমান, বাউফল পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবুল কাশেম, উপজেলা শূরা সদস্য মো. আতিকুর রহমান নজরুল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহমুদুল হাসান, বগা ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মুজাহিদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।