সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে বৃষ্টিতে ৩৮৪৪ হেক্টর ফসলের ক্ষতি, প্রণোদনা পাবেন ৯ হাজার কৃষক পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব অযৌক্তিক : বাবুল আক্তার বিএনপিতে ফিরতে পারেন যেসব বহিষ্কৃত এমপি ও নেতা ২ কোটি টাকার সড়কের কাজে অনিয়ম, ছয় মাসেই উঠে যাচ্ছে কার্পেটিং বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ,পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে : মাহদী আমিন আগুনে পদ্মা সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, রেলের গতি কমানোর নির্দেশ হাতিরঝিলে প্রবাসীকে গুলি, রিকশাচালককে ছুরিকাঘাত তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

২ কোটি টাকার সড়কের কাজে অনিয়ম, ছয় মাসেই উঠে যাচ্ছে কার্পেটিং

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

চাঁদপুরের ফরিদগঞ্জের সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজার সড়ক সংস্কারের ছয় মাস না পেরোতেই উঠে যাচ্ছে কার্পেটিং। সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে স্তূপ হয়ে পড়ে আছে। কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। প্রায় ২ কিলোমিটার ৭০০ মিটার সড়ক সংস্কারে ১ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় হলেও এত অল্প সময়ে সড়কের এমন বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা।

কাজের মান নিয়ে উঠেছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। অন্যদিকে, সড়কটির এমন অবস্থার পেছনে কারিগরি ত্রুটি থাকতে পারে বলে ধারণা করছেন উপজেলা প্রকৌশলী।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। কোথাও কোথাও পিচঢালাই উঠে স্তূপ হয়ে পড়ে রয়েছে। আবার কিছু অংশে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। বৃষ্টিপাত হলে এসব গর্ত আরও বড় হয়ে যান চলাচলে দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় যানবাহন চালকরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে সড়কটির সংস্কারকাজ শুরু হয় চলতি বছরের ৫ জানুয়ারি। কাজ শেষ হয় ৫ মে। এতে ব্যয় হয়েছে ১ কোটি ৯৬ লাখ টাকা। কাগজে-কলমে কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরোয়ার এন্টারপ্রাইজ হলেও বাস্তবে কাজটি বাস্তবায়ন করেছেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন।

সড়কটি চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কের গৃদকালিন্দিয়া ইসলামগঞ্জ বাজার থেকে শুরু হয়ে সাহেবগঞ্জ বাজার হয়ে তুলাতলী বাজার পর্যন্ত বিস্তৃত। সাহেবগঞ্জ বাজারের পর সড়কের কিছু অংশ তুলনামূলক ভালো থাকলেও পরবর্তী অংশে দেখা দিয়েছে কার্পেটিং উঠে যাওয়াসহ নানা সমস্যা।

স্থানীয়দের অভিযোগ, সংস্কারকাজ চলাকালে প্রকৌশলীদের যথাযথ তদারকি ছিল না। এ সুযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছামতো কাজ শেষ করেছে। ফলে সরকারি বিপুল অর্থ ব্যয়ে সংস্কার করা সড়কটি কয়েক মাসের মধ্যেই আগের অবস্থায় ফিরে যাচ্ছে।

তুলাতলী বাজারের ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন বলেন, সড়কটি মেরামতের এক সপ্তাহের মধ্যেই কার্পেটিং উঠতে শুরু করে। সরকার এত টাকা ব্যয় করে সড়কটি সংস্কার করেছে। কাজের সময় একাধিক প্রকৌশলী থাকার পরও কীভাবে এমন পরিস্থিতি তৈরি হলো, তা বোধগম্য নয়। এ কাজে কারা অনিয়ম ও দুর্নীতি করেছে, তা তদন্ত করে বের করা প্রয়োজন।

নিয়মিত এই সড়কে অটোরিকশা চালান রিফাত রহমান। তিনি বলেন, এত অল্প সময়ের মধ্যে সড়কটি ক্ষতিগ্রস্ত হবে, তা কেউ ভাবেনি। প্রথমে সবাই মনে করেছিলেন কাজটি ভালো হয়েছে। কিন্তু এখন সড়কে চলাচল করতে গিয়ে যানবাহনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কটি যথাযথভাবে সংস্কারের দাবি জানাই।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, সড়কটি সংস্কারের সময় তিনি এই উপজেলায় কর্মরত ছিলেন না। কাজ শেষ হওয়ার পর তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তবে সড়কটির বর্তমান অবস্থা দেখে তার মনে হয়েছে, সংস্কারকাজে কারিগরি ত্রুটি ছিল। বিশেষ করে বিটুমিন প্রয়োগের সময় অতিরিক্ত তাপমাত্রা ব্যবহার করা হয়ে থাকতে পারে। এটি তার প্রাথমিক ধারণা। তারপরও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে দেওয়ার জন্য বলা হবে।

তিনি আরও বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানতের টাকা এখনো ফেরত দেওয়া হয়নি। ওই ঠিকাদার আরও কয়েকটি কাজ নিয়ে ফেলে রেখেছেন।

অন্যদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরোয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সরোয়ার গাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজটি তার লাইসেন্সে হলেও বাস্তবে করেছেন মঞ্জিল হোসেন। পরে কাজের এমন বেহাল পরিস্থিতির বিষয়ে জানতে সাবেক মেয়র মঞ্জিল হোসেনকে ফোন করা হলে তিনি পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102