নারায়ণগঞ্জের ফতুল্লায় পাগলা স্টেশনের পাশে পদ্মা রেল লিংকের ৩৪ নম্বর পিলারটি আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পিলারটির প্লাস্টার খসে পড়ে রড বের হয়ে গেছে। ফলে ওই পিলারের ওপর দিয়ে ট্রেন চলাচলের গতি কমিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার রাখার নির্দেশনা দিয়েছে রেল কর্তৃপক্ষ।
এর আগে গত ১৯ নভেম্বর রাত সোয়া তিনটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা রেলস্টেশন এলাকায় পদ্মা রেল লিংকের ৩৪ নম্বর পিলার সংলগ্ন একটি জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে পাশের একটি একতলা বাড়ি ও একটি টিনশেড ঘর ভস্মীভূত হয়ে যায়।
পদ্মা রেলসেতুর পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে সেনাবাহিনী ও সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নিয়োজিত চায়না কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাগলা রেলস্টেশন সংলগ্ন ৩৪ নম্বর পিলারের পাশে একতলা মার্কেটের একটি জুতা তৈরির দোকান রয়েছে। ওই দোকানে জুতা স্যান্ডেল তৈরি করে বিপুল পরিমাণ প্লাস্টিকের জুতা এবং জুতা তৈরির পর অবশিষ্ট অংশ বস্তায় ভরে পিয়ারের নিচে স্তূপ করে রাখা ছিল। গত ১৯ নভেম্বর রাত ৩টার দিকে পিয়ারের নিচে স্তূপ করে রাখা প্লাস্টিকের স্যান্ডেলের বস্তায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো স্তুপ ও আশপাশে।
পাগলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুমন মিয়া জানান, সাধারণত আগুন লাগলে আগুনের তীব্রতার মাত্রা থাকে ২০০ থেকে ২৫০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু প্লাস্টিকের দাহ্য পদার্থের কারণে আগুনের তীব্রতা ছিল ৫০০ থেকে ৬০০ ডিগ্রি সেলসিয়াস মাত্রা। যে কারণে পিলারের প্লাস্টার খসে পড়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ঘটনার পরপরই অগ্নিকাণ্ডের কারণ জানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পদ্মা সেতু প্রকল্পের কর্মকর্তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।