রাজধানীর হাতিরঝিলে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় কাতার প্রবাসীসহ দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। অপরজনকে কুপিয়ে আহত করেছে হামলাকারীরা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোডের বাগিচারটেক এলাকার একটি গ্যারেজে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—বরিশালের গৌরনদী উপজেলার পয়সা বাকাই বাজার এলাকার বারেক শেখের ছেলে সানাউল্লাহ গনি ওরফে বাবু (২৫) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুমপুকুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে শরিফ (২৮)। তারা দুজনই বাগিচারটেক এলাকায় বসবাস করেন। বাবু পেশায় কাতারপ্রবাসী। দুই মাস আগে ছুটিতে দেশে ফেরেন তিনি।
আহত বাবুর খালাতো ভাই মনিরের অভিযোগ, দুপুরে বাগিচারটেকের একটি গ্যারেজে অবস্থান করছিলেন বাবু ও শরিফ। এ সময় স্থানীয় ‘টোকাই সুজন গ্রুপের’ সদস্য হাসনাইন, হাসিব ও নূরুসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা বাবুর বুকের বাম পাশে ও ডান পায়ে গুলি করে এবং ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। একই সময় শরিফের ডান হাঁটুতে কুপিয়ে পালিয়ে যায় তারা।
মনির আরও জানান, ঘটনার পর গ্যারেজের জাহিদুল নামে এক রিকশাচালক বাবুকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বিকেল ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
অন্যদিকে, শরিফের প্রতিবেশী সুমন জানান, হামলার খবর পেয়ে তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকদের বরাত দিয়ে জানান, আহত দুজনকে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।