রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক পর্যটন সড়কে অহেতুক ডাকা অনির্দিষ্টকালের অবরোধে অচল হয়ে পড়েছে বাংলার দার্জিলিং সাজেক পর্যটনশিল্প। গত ৫ দিন ধরে পর্যটক যাচ্ছে না সাজেকে। এতে রিসোর্স কটেজ এবং অন্যান্য সেক্টরসমূহসহ প্রায় ২০-২৫ কোটি টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছেন রিসোর্স কটেজ মালিক সমিতির সহসভাপতি রিন্টু চাকমা।
স্থানীয়রা জানান, টানা অবরোধের কারণে সাজেক অচলের সাথে সাথে সেখানকার ব্যবসা-বাণিজ্য ও খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। অনেকে না খেয়েও দিনাতিপাত করছে। খাগড়াছড়ি জেলা সদর হতে মালবাহী ট্রাক নিত্যপ্রয়োজনী জিনিসপত্র নিয়ে না গেলে সাজেকের মানুষ খেতে পারে না। এমন পরিস্থিতি বিরাজ করছে সাজেকে। খেটে খাওয়া মানুষের কাজকর্ম নেই। পর্যটক না আসলে সাজেকে কোনো ইনকাম নাই।
এদিকে সাজেকের পরিস্থিতি নিরসনে আজ সোমবার সকালে বাঘাইছড়িতে পৌছেন তিন সদস্যবিশিষ্ট কমিটি। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের সভাপতিত্বে স্থানীয় হেডম্যান ও কারবারিদের সাথে মতবিনিময় সভা করেন। তবে ওই মতবিনিময় সভায় অবরোধকারী বা সাজেকের কারবারিরা কেউ অংশগ্রহণ করেনি।
অন্যদিকে সাজেকের উজো বাজার সংঘর্ষের এলাকা সরেজমিনে পরিদর্শনে গিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া এমপি, রাঙামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি, রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। এ সময় তারা উজো বাজার সংঘর্ষ অবরোধকারীদের সঙ্গে কথাবার্তা বলেন। তবে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি।